যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপর। বিশ্বকাপ বেচার পরিকল্পনা করে আগেই বিভিন্ন মহাদেশীয় সংস্থাগুলির রোষে পড়েছিলেন। এ বার ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামও তাঁর বিরুদ্ধে সরব হলেন। সাফ জানালেন, ফিফা চালানোর যোগ্যতা ইনফান্তিনোর নেই।
বার্নহ্যাম সাংবাদিকদের বলেছেন, “আমার মনে হয় না বিশ্ব পর্যায়ের ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি সঠিক লোক। যে প্রস্তাব প্রকাশ্যে আনা হয়েছিল তাতে অনেক মানুষ রেগে গিয়েছেন। বিশ্বের ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ। এটা এমন ঘটনা নয় যে আমরা স্রেফ ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাব। এই ধরনের ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয়।”
শনিবারই ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা জানিয়েছিল, তারা ইনফান্তিনোর প্রতি আস্থা হারিয়েছে। তখনই বোঝা গিয়েছিল, ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর পুনর্নিবাচনের পথে বাধা হয়ে দাঁড়াবে তারা। ইতিমধ্যেই ওয়েলস জানিয়েছে, ইনফান্তিনোকে সভাপতি করার যে প্রস্তাবে তারা সমর্থন জানিয়েছিল, তা ফিরিয়ে নেওয়া হচ্ছে। আগামী দিনে আরও কিছু দেশ ইনফান্তিনোর বিরোধিতা করতে পারে। ভবিষ্যতে এই সংখ্যা অনেক বাড়বে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
উত্তর আমেরিকার সংস্থা কনকাকাফ জানিয়েছে, ইনফান্তিনো ফুটবলকে অগ্রাধিকার দেওয়া ছেড়ে দিয়েছেন। ব্যবসা এবং অর্থের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। একটি বিশেষ গোষ্ঠীকে সুবিধা করে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এমনিতেই বিশ্বকাপ আয়োজন এবং টিকিটের বিপুল দাম নিয়ে সমর্থকদের রোষের মুখে পড়েছিলেন ইনফান্তিনো। বিশ্বকাপ বেচে দেওয়ার পরিকল্পনা ক্ষোভে আরও আগুন ধরিয়েছে বলে মনে করা হচ্ছে।