E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

নর্থ ইস্ট ম্যাচেও জেমির খেলা নিয়ে ধোঁয়াশা

আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই নর্থ ইস্ট-দ্বৈরথের প্রস্তুতিতে নেমে পড়েন পানাইয়োটিস। তবে ফাইনালে যাঁরা খেলেননি, তাঁদেরই অনুশীলন করান গ্রিক কোচ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ০৬:৪৯
পানাইয়োটিস দিমপেরিসের ভাবনায় এখন আইএসএল।

পানাইয়োটিস দিমপেরিসের ভাবনায় এখন আইএসএল। — ফাইল চিত্র।

ইস্টবেঙ্গলকে হারিয়ে আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মত্ত মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা। কিন্তু উচ্ছ্বাস ভুলে কোচ পানাইয়োটিস দিমপেরিসের ভাবনায় এখন আইএসএল। আগামী মঙ্গলবার গুয়াহাটিতে প্রথম ম্যাচে জ়েলকোভিচদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড।

আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যেই নর্থ ইস্ট-দ্বৈরথের প্রস্তুতিতে নেমে পড়েন পানাইয়োটিস। তবে ফাইনালে যাঁরা খেলেননি, তাঁদেরই অনুশীলন করান গ্রিক কোচ। প্রশ্ন হচ্ছে, নর্থ ইস্টের বিরুদ্ধে কি খেলতে পারবেন প্রধান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন?

চোটের কারণে শিল্ড ফাইনালের ডার্বিতে অস্ট্রেলীয় স্ট্রাইকারকে দলে রাখেননি পানাইয়োটিস। সবুজ-মেরুন অন্দরমহলের খবর, চোট কাটিয়ে উঠলেও নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাকলারেনের খেলার সম্ভাবনা কম। কারণ, ঝুঁকি নিতে চাইছেন না পানাইয়োটিস। সংশয় রয়েছে দেয়ান দ্রাজ়িচকে নিয়েও। ডার্বিতে ইস্টবেঙ্গলের সন্দীপ মাণ্ডির সঙ্গে সংঘর্ষে মাথা ফেটে গিয়েছিল তাঁর। ব্যান্ডেজ বেঁধেই খেলেছিলেন। মোহনবাগান তারকার মাথায় সাতটি সেলাই পড়ে। জানা গিয়েছে, নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচের জন্য দ্রাজ়িচকে গুয়াহাটি নিয়ে যাওয়া হবে কি না, তা ঠিক হবে শনিবার।

ম্যাকলারেন ও দ্রাজ়িচ শেষ পর্যন্ত খেলতে না পারলেও উদ্বিগ্ন হওয়ার কারণ নেই পানাইয়োটিসের। আইএফএ শিল্ডের ফাইনালে গোল না করলেও ফরোয়ার্ডে দুর্দান্ত খেলেছেন লি আরউইন। এ ছাড়াও রয়েছেন জেলকোভিচ। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে তিনিই গোল করে কলকাতা লিগের পরে আইএফএ শিল্ডে মোহনবাগানের খেতাব নিশ্চিত করেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
ISL 2026-27 Mohun Bagan Jamie Maclaren

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy