নেশন্স লিগের মাঝে জাতীয় শিবির ছাড়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আগেই নিলম্বিত করেছিল পর্তুগালের ফুটবল সংস্থা। এ বার সিআর সেভেনকে ওই অপরাধের জন্য জরিমানাও করা হল। তবে এ জন্য রোনাল্ডোকে জাতীয় দলের কোনও ম্যাচেই বাইরে থাকতে হবে না।
কোচ জর্জ জেসুস নরওয়ের বিরুদ্ধে না খেলানোয় তাঁর সঙ্গে বিবাদে জড়ান রোনাল্ডো। আচমকাই জাতীয় শিবির ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এ জন্য রোনাল্ডোর বিরুদ্ধে আগেই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন পর্তুগালের ফুটবল কর্তারা। এ বার জরিমানা করা হল তাঁকে। রোনাল্ডোকে ২৫৫ ইউরো জরিমানা করা হয়েছে। ভারতীয় মূল্যে যা প্রায় ২৭ হাজার ১৪১ টাকা। পাশাপাশি তাঁকে ৩০ দিনের জন্য নিলম্বিত করা হয়েছে।
পর্তুগালের ফুটবল সংস্থার নিয়ম অনুযায়ী, কোনও খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর জাতীয় দল, ম্যাচ, ফুটবল সংস্থা বা দেশের প্রতিনিধিত্ব সংক্রান্ত কোনও কর্মসূচি থেকে কোনও কারণ ছাড়া অনুপস্থিত থাকেন বা মাঝ পথে চলে যান, তা হলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক থেকে ছ’মাস নিলম্বিত করা হতে পারে। এই নিয়মেই রোনাল্ডোকে এক মাস নিলম্বিত করা হয়েছে। এই সময় তিনি জাতীয় দলের কোনও কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পারবেন না।
রোনাল্ডোকে দেওয়া এই শাস্তি নিয়ে উঠেছে প্রশ্ন। সমালোচকদের একাংশের মতে, নিয়মরক্ষার্থে শাস্তি দেওয়া হয়েছে। প্রথমত, জরিমানার অঙ্ক রোনাল্ডোর কাছে অতি সামান্য। দ্বিতীয়ত, রোনাল্ডো যে সময় নিলম্বিত থাকবেন, সে সময় পর্তুগালের কোনও আন্তর্জাতিক সূচি নেই। উয়েফা নেশন্স লিগে পর্তুগালের পরের ম্যাচ ১৪ নভেম্বর ডেনমার্কের সঙ্গে। তার পর ১৭ নভেম্বর খেলা রয়েছে ওয়ালসের সঙ্গে। তার আগেই রোনাল্ডোর শাস্তির মেয়াদ শেষ হয়ে যাবে। ফলে জেসুস তাঁকে জাতীয় শিবিরে ডাকতে পারবেন এবং রোনাল্ডোও দেশের জার্সি গায়ে মাঠে নামতে পারবেন। এই শাস্তির জন্য একটি ম্যাচেও তাঁকে বাইরে থাকতে হবে না। বলা যায়, রোনাল্ডোর উপর কোনও প্রভাবই পড়বে না এই শাস্তির। শাস্তি পেয়েও তিনি ‘বেঁচে’ গেলেন।
যদিও রোনাল্ডো খেলবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ রোনাল্ডো বলেই দিয়েছেন, দেশের জার্সি পরে তখনই আবার মাঠে নামবেন, যখন সাজঘরে জেসুস থাকবেন না। যদিও জেসুস জানিয়েছেন, রোনাল্ডোকে দলে ডাকতে তাঁর কোনও অসুবিধা নেই।