আইএফএ শিল্ডের ফাইনালের দিনক্ষণ জানা গেল। ৮ অক্টোবর, বৃহস্পতিবার হবে ফাইনাল। যুবভারতী স্টেডিয়ামে সন্ধ্যা ৬.১৫ মিনিট থেকে শুরু হবে খেলা। ফুটবল সংস্থা সরকারি ভাবে কিছু না জানালেও সম্প্রচারকারী অ্যাপ ‘ফ্যানকোড’ তা জানিয়ে দিয়েছে।
রবি ও সোমবার হয়েছিল আইএফএ শিল্ডের দু’টি সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে পঞ্জাব এফসিকে টাইব্রেকারে ৪-৩ ফলে হারায় মোহনবাগান। নির্ধারিত ৯০ মিনিট ও পরের অতিরিক্ত ৩০ মিনিটে কোনও দল গোল করতে পারেনি। ৮৫ মিনিটের মাথায় বাগান অধিনায়ক শুভাশিস বসুর একটি গোল অফসাইডে বাতিল হয়।
টাইব্রেকারে নায়ক হয়ে ওঠেন বিশাল কাইথ। বাগানের গোলরক্ষক দু’টি শট বাঁচান। অপর দিকে মোহনবাগানেরও একটি শট বাঁচান পঞ্জাবের গোলরক্ষক। শেষ পর্যন্ত মিগুয়েল ফিগুয়েরার শটে ফাইনালে ওঠে বাগান।
আরও পড়ুন:
ইস্টবেঙ্গল অবশ্য আরও দাপটে ফাইনালে উঠেছে। সেমিফাইালে নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ গোলে হারিয়েছে তারা। হ্যাটট্রিক করেছেন ডেভিড লালানসাঙ্গা। অভিষেক হওয়া দুই বিদেশি আকে লোবা ও লুকাস জিয়োলিনস্কিও গোল করেছেন। বাকি দু’টি গোল রোহিত কুমার ও ক্রিস ইকনমিডিসের। নর্থইস্টের হয়ে জোড়া গোল করেন আলাদিন আজারাই।
এর আগে ডুরান্ড কাপের ফাইনালেও হয়েছিল কলকাতা ডার্বি। সেই ম্যাচে মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। অর্থাৎ, মোহনবাগানের সামনে বদলার ম্যাচ। অন্য দিকে ইস্টবেঙ্গল চাইবে, ডুরান্ডের ফল আরও এক বার করে দেখাতে।