আর্লিং হালান্ডের নরওয়ের বিরুদ্ধে নামার আগে বড়সড় বিপদে ইংল্যান্ড। দলের চার প্রধান ফুটবলার হলুদ কার্ড দেখেছেন শেষ ম্যাচে। তাঁরা— মার্ক গেহি, ডেকলান রাইস, জুড বেলিংহাম ও নিকো ও’রেইলি। তাঁদের মধ্যে এক জনও যদি আরও একটি হলুদ কার্ড দেখেন, তা হলে কোয়ার্টার ফাইনাল জিতলেও সেমিফাইনালে খেলতে পারবেন না।
কোচ টমাস টুহল যদিও সেমিফাইনাল নিয়ে এখনই চিন্তা করছেন না। তার আগে চোট সমস্যায় জর্জরিত তাঁর দল। মার্ক গেহি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। শেষ দু’দিন অনুশীলন করেননি। ধরে নেওয়া হচ্ছে, নরওয়ের বিরুদ্ধে শুরু থেকে তিনি হয়তো খেলতে পারবেন না। মেক্সিকোর বিরুদ্ধে অ্যাজ়টেকা স্টেডিয়ামে ইংল্যান্ডের রক্ষণের প্রধান অস্ত্র ছিলেন গেহি। তাঁকেই হয়তো পাওয়া যাবে না প্রথম একাদশে।
রাইসও অসুস্থ। দু’দিন ধরে তাঁর পেটে সমস্যা। অনুশীলন করতে পারেননি। কোমরেও চোট রয়েছে ইংল্যান্ডের তারকা মিডফিল্ডারের। এমনিতেই রাইট ব্যাক নিয়ে সমস্যায় ইংল্যান্ড। রিস জেমস চোটের জন্য শেষ তিনটি ম্যাচ খেলতে পারেননি। শুক্রবার যদিও অনুশীলন করেছেন। জারেল কোয়ানসা লাল কার্ড দেখে দু’টি ম্যাচে নির্বাসিত। সেমিফাইনালে দল উঠলেও তিনি খেলতে পারবেন না। তা নিয়েই যথারীতি সরব হয়েছে ইংল্যান্ড শিবির।
হালান্ড যদিও ইংল্যান্ডের উপরে চাপ সৃষ্টি করার জন্য বলেছেন, নরওয়ে অনেক পিছিয়ে। তাঁর কথায়, ‘‘ইংল্যান্ডে আমি ক্লাব খেলি। সে দেশেই আমার জন্ম। এটা সুপার স্পেশাল ম্যাচ। দারুণ উপভোগ্য ম্যাচ হতে চলেছে। কারণ অনেকের সঙ্গে ক্লাবে খেলি। এ বার দেশের হয়ে তাদের বিরুদ্ধে খেলব। দারুণ উত্তেজিত।’’