চেলসি ছেড়ে ম্যাঞ্চেস্টার সিটিতে যোগ দিলেন এনজ়ো ফের্নান্দেস। ২৫ বছর বয়সি আর্জেন্টিনীয় মিডফিল্ডারকে ১২৫ মিলিয়ন পাউন্ডে (প্রায় ১,৬০০ কোটি টাকা) সই করাল সিটি। এই অঙ্ক ব্রিটিশ ফুটবলে যুগ্ম সর্বোচ্চ ট্রান্সফার ফি। গত বছর আলেকজ়ান্ডার ইসাককে নিউক্যাসল থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে নেওয়ার সময় এই রেকর্ড গড়েছিল লিভারপুল।
এনজ়োকে নিয়ে এ বার এক মরসুমে ফুটবলার কেনার পিছনে ৪৫৮ মিলিয়ন পাউন্ড খরচ করল ম্যাঞ্চেস্টার সিটি। এক ট্রান্সফার উইন্ডোয় কোনও প্রিমিয়ার লিগ ক্লাবের এটাই সর্বোচ্চ খরচ। গত বছর লিভারপুলের করা ৪১৫ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ভেঙে দিল সিটি। তবে ফুটবলার বিক্রি করেও এ বার প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ড আয় করেছে তারা।
২০২৩ সালে ১০৭ মিলিয়ন পাউন্ডে বেনফিকা থেকে এনজ়োকে কিনেছিল চেলসি। তখন সেটিই ছিল ব্রিটিশ ফুটবলের সর্বোচ্চ ট্রান্সফার ফি। কিন্তু চেলসিতে দু’বছর কাটিয়েই নতুন ঠিকানায় পাড়ি দিলেন তিনি।
চলতি মরসুমের শুরু থেকেই এনজ়োর চেলসি-ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। রিয়াল মাদ্রিদে যাওয়ার ব্যাপারে তাঁর আগ্রহ ছিল বলে খবর। কিন্তু বেছে নিলেন সিটিকে।