ব্রাজ়িলকে ২-১ হারিয়ে প্রথম বার বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে নরওয়ে। শনিবার ভারতীয় সময়ে রাত আড়াইটেয় ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালের প্রতিদ্বন্দ্বিতায় নামছেন আর্লিং হালান্ডরা। কিন্তু তার আগে বড়সড় সমস্যায় নরওয়ে। ক্লান্তি এবং অসুস্থতার কারণে ধাক্কা খেয়েছে দলের প্রস্তুতি।
পুরো বিশ্বকাপ জুড়ে আমেরিকার নানা শহরে হাজার হাজার কিলোমিটার ভ্রমণের চাপ হালান্ডদের উপরে প্রভাব ফেলেছে বলে দাবি করেছে নরওয়ের এক সংবাদমাধ্যম। এমনকি তারা জানিয়েছে, প্রতিযোগিতার নানা পর্যায়ে ফুটবলাররা অসুস্থও হয়ে পড়েন। নর্থ ক্যারোলিনার গ্রিনসবরোতে প্রস্তুতি শিবির করলেও হালান্ডদের বারবার বস্টন, ডালাস এবং নিউ জার্সিতে গিয়ে খেলতে হয়েছে।
সাত গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন হালান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নিয়ে নরওয়ের কোচ স্টোল সোলবাকেন বলেছেন, “আমরা ওদের খেলা ভাল ভাবে বিশ্লেষণ করেছি। প্রত্যেকে সেরাটা দিতে মরিয়া।” এ দিকে চোট সারিয়ে ক্যানসাস সিটিতে ইংল্যান্ডের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন ৩৬ বছরের মিডফিল্ডার জর্ডন হেন্ডারসন।