রবিবার ম্যাঞ্চেস্টার ডার্বিতে আর্লিং হালান্ডের একমাত্র গোলে জিতেছিল ম্যাঞ্চেস্টার সিটি। প্রথম থেকেই সেই গোল নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সোমবার পেশাদার রেফারিদের সংস্থা মেনে নিল, হালান্ডের ওই গোল বৈধ ঘোষণা করা তাদের ভুল হয়েছিল। ওই গোল দেওয়া উচিত হয়নি। তবে সিটির পয়েন্ট কাটার কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই।
ম্যাচের ৬০ মিনিটে গোলটি করেন হালান্ড। প্রান্ত থেকে জস্কো গাভার্দিয়লের ক্রস প্যাট্রিক ডোরগুর বুটে লেগে ভেসে আসে ম্যাঞ্চেস্টারের বক্সে। মাঝে সেটি এঞ্জো ফের্নান্দেস এবং লিসান্দ্রো মার্তিনেসকে পেরিয়ে যায়। নিজের কাছে বল আসামাত্রই গোল করেন হালান্ড। ম্যান ইউয়ের খেলোয়াড়েরা প্রতিবাদ জানিয়ে দাবি করেন, ফের্নান্দেস অফসাইডে ছিলেন।
কিছু ক্ষণ পর ম্যাচের ভিডিয়ো অ্যাসিস্ট্যান্ট রেফারিরা জানান, যে হেতু ফের্নান্দেসের শরীরের কোথাও বল লাগেনি, তাই তিনি অফসাইডে ছিলেন না। এ দিন রেফারিদের সংস্থার তরফে বলা হয়, ফের্নান্দেসের গায়ে বল লাগেনি বলে তিনি অফসাইডে ছিলেন না ঠিকই। কিন্তু এই ক্ষেত্রে মাঠের রেফারিকে নির্দেশ দেওয়া উচিত ছিল অন্তত এক বার মনিটরে এসে ঘটনাটি পরীক্ষা করার। ভার ঠিক করে ঘটনাটির ব্যাখ্যা করতে পারেনি।
আরও পড়ুন:
-
এশিয়া কাপ জিতলেও শাস্তি পেলেন ভারতের বোলার, ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা দিতে হল ক্রান্তিকে
-
ক্রিকেটে ভারতের সঙ্গে সংঘাত! তবে পরের মাসেই এ দেশে খেলতে আসবে পাকিস্তান, জানালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী
-
লিগ জয়ের দৌড়ে জটিল অঙ্কে টিকে থাকল ইস্টবেঙ্গল, ড্র করে সমস্যায় মোহনবাগানও, চ্যাম্পিয়নশিপের ফয়সালা শেষ রাউন্ডে
জানা গিয়েছে, ফের্নান্দেসের শরীরে বল না লাগলেও তিনি সামনে এগিয়ে আসায় ম্যান ইউয়ের খেলোয়া়ড়েরা তাঁর দিকে এগিয়ে গিয়েছিলেন। ফলে এ ক্ষেত্রে বিপক্ষের রক্ষণ ভাগকে বিভ্রান্ত করেছিলেন ফের্নান্দেস। তার সুযোগ কাজে লাগিয়েই গোল করেন হালান্ড। ফলে এই গোল দেওয়া উচিত হয়নি। রেফারিদের সংস্থার তরফে ভুলের জন্য আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।