দিয়েগো মারাদোনার ‘হ্যান্ড অব গড’— ফুটবল ইতিহাসের অন্যতম বিতর্কিত গোল। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেই গোল যে বলে হয়েছিল, নিলামে তা বিক্রি হল ৩২ কোটি টাকারও বেশি দামে। আমেরিকার হেরিটেজ অকশনে শনিবার বলটির দাম উঠেছিল ২.৫ মিলিয়ন পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ কোটি ৬৩ লক্ষ টাকা। যদিও নিলামের আগে প্রত্যাশা ছিল প্রায় ৮০ কোটি টাকায় বল বিক্রি হওয়ার।
মেক্সিকোয় ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। গোলরক্ষক পিটার শিল্টনের মাথার উপর দিয়ে হাত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন মারাদোনা। রেফারি গোলটি বৈধ ঘোষণা করেন। ম্যাচের পরে মারাদোনা বলেছিলেন, ‘‘গোলটি হয়েছিল মারাদোনার মাথা আর ঈশ্বরের হাতের সাহায্যে।’’
টিউনিশিয়ার রেফারি আলি বিন নাসের সেই ম্যাচের অ্যাজ়টেকা বল নিজের কাছে রেখে দেন। তিন দশকেরও বেশি সময় সেটি তাঁর কাছেই ছিল। তিনি লিখিত ভাবে জানান, এই বলটিই ব্যবহৃত হয়েছিল।