গত বিশ্বকাপের সময় থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইউরোপের বেশ কিছু দেশ তাঁকে আর ফিফার শীর্ষ পদে চান না। বলা যায় ইনফান্তিনোকে নিয়ে ফুটবল বিশ্ব দু’ভাগ হয়ে গিয়েছে। চাপের মধ্যে থাকলেও ইনফান্তিনো অনূর্ধ্ব-২০ মহিলাদের বিশ্বকাপের উদ্বোধনে উপস্থিত ছিলেন। যদিও নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।
শনিবার অনূর্ধ্ব-২০ মহিলাদের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পোল্যান্ড এবং আর্জেন্টিনা। খেলা চলাকালীন ইনফান্তিনো স্টেডিয়ামের বক্সে বসে পোল্যান্ডের ফুটবল সংস্থার প্রধান সেজারি কুলেশার সঙ্গে কথা বলছিলেন। তবে তিনি স্টেডিয়ামে পৌঁছোনোর পরই ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। সম্প্রচারকারী চ্যানেলে ইনফান্তিনো বলেন, ‘‘বলার মতো অনেক কিছুই রয়েছে আমার। তবে সঠিক জায়গা এবং সময়ে বলব। আজ এ সব নিয়ে কথা বলার সময় নয়। এখানে আমরা ফুটবল উপভোগ করব।’’
তিনি আরও বলেছেন, ‘‘বিশ্বের প্রতিটি দেশকে সুযোগ এবং মর্যাদা দেওয়ার জন্য ফিফা কাজ করে যাচ্ছে। আমরা সকলে ফুটবল ভালবাসি। খেলাটার সার্বিক উন্নতির জন্য কাজ করছি আমরা। প্রতিটি দেশের আরও উন্নতি, আরও বেশি অংশগ্রহণ এবং উদ্যাপনের উপায় খোঁজার চেষ্টা করছি।’’ আপনি কি পদত্যাগের কথা ভাবছেন? এই প্রশ্নের কোনও উত্তর দেননি ফিফা সভাপতি।
বিশ্বকাপ-সহ ফিফার প্রথম সারির প্রতিযোগিতাগুলি বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেওয়ার পর থেকে ফুটবল বিশ্বের একাংশ ইনফান্তিনোর নেতৃত্ব মানতে নারাজ। শুধু সদস্য দেশগুলিই নয়, ফিফার কিছু কর্তাও ইনফান্তিনোর বিরুদ্ধে চলে গিয়েছেন। তাঁর সমালোচনায় সোচ্চার হয়েছেন। দায়িত্বও ছেড়ে দিয়েছেন। বসে নেই ইনফান্তিনোও। তিনিও নিজের মতো করে রণকৌশল সাজাচ্ছেন।