আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফুটবলারদের বাসে লুট চালাল একদল দুষ্কৃতী। করাচি থেকে যাওয়ার পথে বালোচিস্তানে করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্ট দলের বাস ঘিরে ফেলে দুষ্কৃতীরা। তারা সংখ্যায় ১২ জন ছিল বলে জানা গিয়েছে। চিফ মিনিস্টার গোল্ড কাপ খেলতে যাচ্ছিল পাকিস্তানের ফুটবল দলটি।
সোমবার সন্ধ্যায় মাসতাং এবং সারিয়াবের মধ্যে রাস্তায় বিপদে পড়েন ফুটবলারেরা। তাঁদের বাস থেকে নামিয়ে মারধর করা হয়। তাঁদের কাছে থাকা সব কিছু কেড়ে নেয় দুষ্কৃতীরা। ভয়াবহ ঘটনার কথা জানিয়েছেন করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্টের ম্যানেজার জ়ুলফিকর আলি ভুট্টো বলেছেন, ‘‘দুষ্কৃতীরা আমাদের সকলকে বাস থেকে নামতে বলে। তার পর সকলের মোবাইল, টাকাপয়সা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র কেড়ে নেয়। ফুটবলার এবং অন্য কয়েক জন যাত্রীকে ধাক্কাও মারে ওরা।’’ কোয়েট্টায় পৌঁছে তিনি ঘটনার কথা জানান বালোচিস্তানের ক্রীড়ামন্ত্রীকে। তিনি দ্রুত ব্যবস্থা নেন। ফুটবলারদের হাতখরচের টাকার ব্যবস্থাও করেন। তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন।
এই ঘটনার জন্য করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্ট কর্তৃপক্ষকেই দুষেছেন সিন্ধ ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব মহম্মদ আজ়ম। তিনি বলেছেন, ‘‘বালোচিস্তানের পরিস্থিতি এখন সকলেই জানেন। সরকারি ভাবে বারণ করার পরও তাঁরা ঝুঁকি নিয়েছিলেন। বালোচিস্তানের পরিস্থিতি বিবেচনা করে আমরা সিন্ধের দল পাঠাইনি। করাচির সব ক্লাব এবং দলকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল, বাসে বা ট্রেনে কেউ যাতে কোয়েট্টায় না যায়। করাচি ডিস্ট্রিক্ট ওয়েস্ট সেই পরামর্শ না শুনে বাসে করে যায়। আমাদের এমন কিছুই আশঙ্কা ছিল। সেটাই হল।’’
আরও পড়ুন:
বিপদের আশঙ্কায় পাক পঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়ার ফুটবল সংস্থাও চিফ মিনিস্টার গোল্ড কাপে দল পাঠায়নি। উল্লেখ্য, যে জায়গায় দুষ্কৃতীরা ফুটবলারদের বাসে হামলা চালিয়েছে, সেখানেই কিছু দিন আগে দুই ক্রিকেটার অপহৃত হন। একের পর এক এমন ঘটনায় পাকিস্তানে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।