ইউক্রেনে হামলা শুরু করার পরেই রাশিয়াকে সমস্ত রকম ফুটবল প্রতিযোগিতা থেকে নির্বাসিত করে দিয়েছিল ফিফা। তবে ফিফার সভাপতি নির্বাচনে তারা এখনও ভোট দিতে পারে। নির্বাচনে জিততে বিশ্বের বৃহত্তম দেশকে কাজে লাগাতে পারেন জিয়ান্নি ইনফান্তিনো।
রাশিয়াকে নির্বাসিত করলেও ফিফা তাদের সদস্যপদ বাতিল করেনি বলেই জানা গিয়েছে। অর্থাৎ রাশিয়ার প্রতিনিধিরা এখনও ফিফার কংগ্রেসে অংশগ্রহণ করতে পারেন এবং সভাপতি নির্বাচনে ভোট দিতে পারেন। উয়েফাতেও রাশিয়ার একই রকম অধিকার রয়েছে। তবে কোথাওই তাদের ম্যাচ খেলার উপর নির্বাসন ওঠানো হয়নি।
কিছু দিন আগেই উয়েফার সব সদস্যদেশ ইনফান্তিনোর বিশ্বকাপ বিক্রির প্রতিবাদ করেছিল। সেখানে যোগ দিয়েছিল রাশিয়াও। তবে আলাদা করে ইনফান্তিনোর বিরুদ্ধে তারা এখনও কোনও বিবৃতি দেয়নি।
আপাতত ইনফান্তিনোর সভাপতি হওয়ার পথে কোনও বাধা নেই। কারণ সভাপতি পদে ভোটে লড়তে চেয়ে এখনও কেউ আগ্রহ দেখাননি। তবে যে কোনও সময় কোনও প্রার্থী দাঁড়াতে পারেন। এই পরিস্থিতি, ইনফান্তিনো চাইছেন রাশিয়াকে পাশে পেতে। রাশিয়া যদি ইনফান্তিনোকে সভাপতি পদে সমর্থন করে তা হলে ফিফারই লাভ। কারণ রাশিয়া নিজেদের সঙ্গে আশেপাশের কিছু প্রতিবেশী দেশকেও পাশে পেতে পারে। ফলে সভাপতি পদে ইনফান্তিনো আরও বেশি দেশকে পাশে পাবেন।
আরও পড়ুন:
রাশিয়ার সঙ্গে ইনফান্তিনোর সম্পর্ক খারাপ নয়। ২০১৯-এ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইনফান্তিনোকে ‘অর্ডার অফ ফ্রেন্ডশিপ’ সম্মান দিয়েছিলেন বিশ্বকাপ আয়োজনে প্রভূত সাহায্য করার জন্য। ইনফান্তিনো তখন বলেছিলেন, “এটা শেষ নয়, আমাদের সম্পর্কের শুরু।” পরে বাকি দেশগুলির চাপে রাশিয়াকে নির্বাসিত করা হলেও বিপদের সময়ে তাদের সাহায্য চাইছেন ইনফান্তিনো।