সিরিয়াকে ১-০ হারিয়ে অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে অভিযান শুরু করল ভারতীয় দল। উজ়বেকিস্তানের তাসখন্দে সোমবার খেলা শেষ হওয়ার চার মিনিট আগে গোল করে নায়ক শামি সিঙ্গামায়ুম।
২০০৭ সালে নয়াদিল্লিতে সিরিয়াকে ১-০ হারিয়ে নেহরু কাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছিলেন ভাইচুং ভুটিয়ারা। কিন্তু কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে কখনও জিততে পারেনি ভারতের যুব দল। সোমবার তাসখন্দে অবশেষে অপেক্ষার অবসান। ফিফা ক্রমতালিকায় ভারতের (১৩৮) চেয়ে এগিয়ে থাকা (৮৩) সিরিয়ার আধিপত্যই বেশি ছিল ম্যাচের শুরু থেকে। অ্যালান মামোর ডান পায়ের জোরালো শট বাঁচান গোলরক্ষক সুরজ সিংহ। এর পরে আব্দুলরহমান আল সররাজের দূর পাল্লার শটও আটকান তিনি। প্রথমার্ধের শেষ পর্বেও গোলের সুযোগ পেয়েছিল সিরিয়া। কিন্তু অধিনায়ক বিলাল আলমুসলির হেড ক্রসবারের উপর দিয়ে বেরিয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও ছবি খুব একটা বদলায়নি। ৫৮ মিনিটে মেহমুদ আলহাসানের শটও আটকে দেন সুরজ। ৭৩ মিনিটে আহমেদ খালাফের হেড লাগে ক্রসবারে। পরিস্থিতি সামলাতে ৭৯ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন ভারতের কোচ মহেশ গাউলি। মহম্মদ আরবাশ, প্রসান জাজো এবং গুনলেইবা ওয়াংখেইরাকপামকে নামান। চার মিনিট পরে নিয়ে আসেন ওমাং দোদুমকেও। এর পরেই বদলে যেতে শুরু করে ছবি। সিরিয়ার আলহাসানের কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে দ্রুত পেনাল্টি বক্সে ঢুকে শামিকে দেন আরবাশ। ঠান্ডা মাথায় বাঁ-পায়ের শটে গোল করেন তিনি।
সিরিয়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের দিনেই ব্রাজ়িল, পানামা ও উরুগুয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলির জন্য সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করলেন খালিদ জামিল। দলে একমাত্র বাঙালি রহিম আলি।