ব্রাজ়িলের বিরুদ্ধে গোলকিপার গুরপ্রীত সিংহ সঁধুর জোড়া ভুলের কারণে প্রথমার্ধে দু’টি গোল হজম করেছিল ভারত। তবে ভারতের কোচ খালিদ জামিল একা গুরপ্রীতকে দোষ দিতে চাইলেন না। তাঁর মতে, সকলের ভুলের কারণেই গোল খেতে হয়েছে। এ দিকে, ভারতের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন ব্রাজ়িলের কোচ কার্লো আনচেলোত্তি।
ম্যাচের পর খালিদ বলেন, “গুরপ্রীত ভারতের অন্যতম সেরা একজন গোলকিপার। দুটো ম্যাচ দিয়ে ওকে বিচার করা উচিত নয়। পরের ম্যাচে ও ফিরে আসবে। গুরপ্রীতের একার জন্য গোল হয়নি। ডিফেন্ডারও কাছেই ছিল। তা ছাড়া ওদের মুভটাও ভাল হয়েছে। সকলেরই দোষ রয়েছে।”
খালিদের সংযোজন, “দলের প্রত্যেকেই এই ম্যাচের গুরুত্ব জানত। যথেষ্ট দক্ষতার সঙ্গে খেলেছে। আমরা সময় নষ্ট করিনি। ওদের সঙ্গে সমানে লড়ে গিয়েছি।”
ম্যাচের আগে খালিদকে দেখে জড়িয়ে ধরেছিলেন আনচেলোত্তি। ম্যাচের পরেও দিয়ে গেলেন বার্তা। খালিদের কথায়, “ম্যাচের আগে চাপ তো ছিলই। প্রতিপক্ষের নাম ব্রাজ়িল। কত দিন আগে থেকে ঠিক হয়ে গিয়েছিল ম্যাচ। ম্যাচের পর আনচেলোত্তি বলেছেন, ‘তোমরা ভালই খেলেছো। এ ভাবেই খেলে যাও’।”
নিজেদের সেরাটা না দিয়েও এ দিন ব্রাজ়িল চারটি গোল করেছে। তবে গোটা ম্যাচে ভারত যে ভাবে শুধু রক্ষণ না করে আক্রমণাত্মক মানসিকতা দেখিয়েছে তার প্রশংসা করেছেন ব্রাজ়িলের কোচ। আনচেলোত্তি বলেছেন, “বেশ উত্তেজক একটা ম্যাচ হয়েছে। ভারত নিজেদের মতো করে ভালই খেলেছে। যেমন রক্ষণ করেছে, তেমনই প্রতি আক্রমণেও উঠে এসেছে। শেষের দিকে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। আমাদের প্রথম গোল করতে যথেষ্ট কষ্ট করতে হয়েছে। তবে গোলের পর খেলাটা নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে গিয়েছিল।”
আরও পড়ুন:
-
তাঁর ভুলে জোড়া গোল হজম! তবু নিজের ব্যর্থতা ঢাকলেন গুরপ্রীত, বললেন, ‘বড় ম্যাচে ছোট ভুল হয়েই থাকে’
-
গুরপ্রীতের জোড়া ভুলে ব্রাজিলের সঙ্গে লড়েও ৪ গোল খেল ভারত, ৫০ হাজারের যুবভারতীতে মন জিতল রায়ান-মনবীরদের লড়াই
-
মুল্লানপুরে ছয়ের বন্যা, ইংল্যান্ডের ছক্কার নজির ভেঙে দিল ভারত, ভারতের বিরুদ্ধে আবার শতরান করে গেলকে টপকালেন হোপ
কলকাতার ব্রাজ়িল সমর্থকদের উদ্দেশে তাঁর বার্তা, “আমরা নিজেদের সেরা খেলাটাই খেলার চেষ্টা করেছি। এখানে অনেক ব্রাজ়িল সমর্থক ছিলেন। আশা করি তাদের একটা ভাল রাত উপহার দিতে পেরেছি।”
তরুণ ফুটবলারদের নিয়েও যথেষ্ট আশাবাদী আনচেলোত্তি। বলেছেন, “খুব ভাল একটা অভিজ্ঞতা হল এই ম্যাচ খেলে। আমরা বেশ কিছু ফুটবলারকে কিছু মিনিট খেলার সুযোগ করে দিয়েছি। ফলে ওদের দেখে নেওয়ারও সুযোগ পাওয়া গিয়েছে। তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে ওরা আরও আত্মবিশ্বাস পায়। কিছু ফুটবলারকে আরও উন্নতি করতে হবে। কিছু ফুটবলার ভাল খেলেছে। এটা কোনও পরীক্ষা ছিল না। স্রেফ নিজেদের দক্ষতা দেখানোর একটা মঞ্চ ছিল।”