দুরন্ত ব্রুনো ফের্নন্দেস! দুরন্ত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। পর্তুগালের তারকার হ্যাটট্রিকে ইপিএলে ইপস্উইচ টাউনকে ৫-২ গোলে হারাল ম্যান ইউ। আর সেই সঙ্গেই তিনি স্পর্শ করলেন জাতীয় দলে তাঁর সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
ইপিএলে দু’বার ও ইউরোপা লিগে এক বার অর্থাৎ মোট তিন বার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে হ্যাটট্রিক করলেন ব্রুনো। অন্য দিকে ম্যান ইউর জার্সিতে রোনাল্ডোরও তিনটি হ্যাটট্রিক রয়েছে। সেগুলি এসেছিল যথাক্রমে নিউক্যাসল ইউনাইটেড (২০০৮), টটেনহ্যাম (২০২২), নরউইচ সিটি (২০২২)-র বিরুদ্ধে। এ দিন ব্রুনো গোল করেন যথাক্রমে ৪০, ৬১ ও ৬৮ মিনিটে। প্রথমে অবশ্য পিছিয়ে পড়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তার পরে পুরোটাই ব্রুনোর দাপট। দলের পঞ্চম গোলের ক্ষেত্রে ব্রায়ান এমবিউমোকে গোলের পাসও বাড়ান ব্রুনো।
অন্য দিকে অ্যাস্টন ভিলা থেকে তিন বছরের চুক্তিতে চেলসিতে যোগ দেওয়ার দিনটা মিশ্র হয়ে রইল এমিলিয়ানো মার্তিনেসের জন্য। প্রথমত তাঁর দল ব্রাইটনের বিরুদ্ধে ৪-৩ জিতল এবং দ্বিতীয়ত, অভিষেকেই তিন গোল হজম করতে হল আর্জেন্টিনার গোলরক্ষককে।