Advertisement
E-Paper

একের পর এক চেক বাউন্স! বিরক্ত মহমেডান সরিয়ে দিল বিধায়ক হুমায়ুনকে, নতুন সভাপতি জাফর

ক্লাবকে আর্থিক সঙ্কট থেকে দূর করার প্রতিশ্রুতি দিয়ে সভাপতির পদে বসলেও কিছুই করতে পারেননি। শেষ পর্যন্ত নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে সভাপতির পদ থেকে সরিয়ে দিল মহমেডান। নতুন সভাপতি হলেন গজল জাফর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৬ ১৬:৪৫
football

হুমায়ুন কবীর। — ফাইল চিত্র।

ক্লাবকে আর্থিক সঙ্কট থেকে দূর করার প্রতিশ্রুতি দিয়ে সভাপতির পদে বসেছিলেন। কিন্তু এখনও পর্যন্ত কিছুই করতে পারেননি। তাঁর দেওয়া একের পর এক চেক বাউন্স হয়েছে। বিরক্ত হয়ে শেষ পর্যন্ত নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে সভাপতির পদ থেকে সরিয়ে দিল মহমেডান। নতুন সভাপতি হিসাবে বেছে নেওয়া হয়েছে গজল জাফরকে। কিছু দিন আগেই তাঁকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল। এ বার পাকাপাকি ভাবে সভাপতি করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মহমেডানের কার্যকরী সমিতি জরুরি বৈঠকে বসেছিল। সেখানেই বাকি সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে সভাপতির দায়িত্ব দেওয়া হয় জাফরকে। তিনি আগের কমিটিতে সহ-সচিব ছিলেন। ক্লাবতাঁবুর বাইরে প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন। গলায় মালা পরিয়ে, ব্যান্ডপার্টি বাজিয়ে স্বাগত জানানো হয় জাফরকে। সঙ্গে ছিলেন সচিব ওয়াসিম আক্রমও। তিনি জানান, নতুন কমিটি আগের চেয়ে ভাল কাজ করবে। দ্রুত ভারতীয় ফুটবলারদের বকেয়া তিন কোটি টাকা মিটিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ১৭, ২০ এবং ৩০ জুলাই মহমেডান ক্লাবকে তিনটি চেক দিয়েছিলেন সভাপতি হুমায়ুন। ৫০ লক্ষ টাকা করে তিনটি চেক দেওয়া হয়েছিল। তিনটি চেকই বাউন্স করেছিল। ফলে বকেয়া মেটানোর যে পরিকল্পনা ক্লাবকর্তারা নিয়েছিলেন, তা ধাক্কা খেয়েছিল। এমনিতেই ফিফার ট্রান্সফার নির্বাসন থাকায় কোনও নতুন ফুটবলার কিনতে পারেনি মহমেডান। অনেক কষ্ট করে সেই নির্বাসন ওঠানো গিয়েছিল। নতুন নির্বাসনের সম্ভাবনা ছিল।

তখন আক্রম বলেছিলেন, “আমি ওঁকে সভাপতি করিনি। তবে যে প্রতিশ্রুতি দিয়ে উনি সভাপতি হয়েছিলেন, তা এখনও মেটাতে পারেননি। ৬ জুন ওঁকে সভাপতি করা হয়েছিল। আজ পর্যন্ত একটি টাকাও উনি দেননি। ১৩ কোটি টাকার বকেয়া মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পর থেকে বিভিন্ন তারিখের কথা বলে যাচ্ছেন। কোনওটিই সঠিক হয়নি।”

Humayun Kabir Mohammedan Sporting Club

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy