দেবীপক্ষের সূচনায় বাংলায় এখন উৎসবের আমেজ। এই সময়টায় যাবতীয় হতাশা ভুলে বাঙালি মেতে ওঠে আনন্দে। আটচল্লিশ ঘণ্টা আগে মোহনবাগান সুপার জায়ান্ট জিতেছে ২২তম আইএফএ শিল্ড। সবুজ-মেরুন শিবিরে উঁকি মারলেও সেই ফুরফুরে মেজাজটাই চোখে পড়বে। তবে খুশির আবহেও রয়েছে প্রত্যয়ী মনোভাব। আইএসএলেও এই ধারাবাহিকতা যে বজায় রাখতে হবে।
শিল্ডের ফাইনালে যাঁরা পুরো সময় খেলেছিলেন তাঁরা রিকভারি সারেন। বাকিদের নিয়ে চলে দীর্ঘ অনুশীলন। সোমবার নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অভিযান শুরু করছে মোহনবাগান। আশিস রাই বাদে বাকিরা রবিবার গুয়াহাটিতে উড়ে যাবেন। জেমি ম্যাকলারেন দলের সঙ্গে গেলেও প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা ক্ষীণ। তেমনই ডার্বিতে সংঘর্ষে মাথায় সাতটি সেলাই পড়া দেয়ান দ্রাজ়িচ দলের সঙ্গে গেলেও পুরো সময় হয়তো খেলবেন না। নর্থ ইস্ট ম্যাচের পরে দিল্লির বিরুদ্ধে খেলে কলকাতায় ফিরবে মোহনবাগান।
ডুরান্ড কাপ এবং আইএফএ শিল্ডে ইতিমধ্যে আলাদিন আজ়ারাইদের মুখোমুখি হয়েছে মোহনবাগান। প্রথম বার টাইব্রেকারে আসে জয় এবং দ্বিতীয় বার ম্যাচ ড্র হয়। মোহনবাগানের কোচ পানাইয়োটিস দিমপেরিস শুক্রবার সাংবাদিক বৈঠকে বলেছেন, “ডুরান্ড কাপে শিলংয়ে প্রচুর বৃষ্টি হয়েছিল। অতিরিক্ত সময়, টাইব্রেকার মিলিয়ে পরিস্থিতি আলাদা ছিল। আইএসএলে অন্য লড়াই দেখা যাবে।”
এ দিকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে মঙ্গলবার ইরাকের আল শোর্তার মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ খেলতে শনিবার কলকাতায় এসেই অনুশীলনে নেমে পড়ল আল শোর্তা।