ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর বা বিনিয়োগকারী থাকছে না ইমামি গোষ্ঠী। তবে সম্পর্ক ছিন্ন হচ্ছে না। লাল-হলুদের অন্যতম স্পনসর হিসাবে পাশে থাকবে ইমামি গোষ্ঠী। মঙ্গলবার বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করেছে সংস্থাটি।
গত আইএসএলের পর থেকেই শোনা যাচ্ছিল, ইমামি সরে যেতে পারে। কিছু বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে বনিবনা হচ্ছিল না তাদের। তখন থেকেই নানা জল্পনা চলছিল ইস্টবেঙ্গল এবং ইমামিকে নিয়ে। চলতি মরসুমের শুরু থেকে লাল-হলুদ জার্সিতেও দেখা যায়নি ইমামির লোগো। তাতে জল্পনা আরও বাড়ে। তবে ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলের জার্সিতে ছোট করে হলেও ফিরেছে ইমামির লোগো। ওই ম্যাচের আগেই শোনা যায়, ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে না ইমামি গোষ্ঠী। সেটাই সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল সংস্থার পক্ষ থেকে।
বিবৃতি দিয়ে ইমামি গোষ্ঠী জানিয়েছে, ‘‘ইমামি গোষ্ঠী ঘোষণা করছে, ইস্টবেঙ্গল ক্লাবে বিনিয়োগকারী হিসাবে সব ভূমিকা শেষ হয়েছে। এই পরিবর্তনের অংশ হিসাবে ইমামি তার সমস্ত শেয়ার এবং সংশ্লিষ্ট ভোটাধিকার ইস্টবেঙ্গল কর্তৃপক্ষকে হস্তান্তর করছে। এর ফলে ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী হিসাবে ইমামির সমস্ত ভূমিকা শেষ হল। ইমামি গোষ্ঠী ভারতীয় ফুটবলের উন্নতি এবং প্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তাই বিনিয়োগকারী হিসাবে এবং পরিচালন দায়িত্ব থেকে সরে এলেও স্পনসর হিসাবে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গেই থাকছে ইমামি গোষ্ঠী। খেলাধুলোর ক্ষেত্রে ক্লাবের পাশে থাকব আমরা। ’’
বিবৃতিতে তুলে ধরা হয়েছে তারা ইনভেস্টর হিসাবে থাকার সময় ইস্টবেঙ্গল ক্লাবের সাফল্যের কথা। শুধু ছেলেদের দল নয় মেয়েদের দলের সাফল্যের কথাও বলা হয়েছে। ২০২৬ সালের আইএসএল জয়, ২০২৪ সালের কলিঙ্গ সুপার কাপ জয়, ২০২৪ এবং ২০২৫ সালে কলকাতা লিগ জয়, ২০২৩ সালে কন্যাশ্রী কাপ জয়, ২০২৫ সালে মহিলাদের সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জয় এবং দু’বার মহিলাদের জাতীয় লিগ জয়ের কথা উল্লেখ করা হয়েছে।