কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য হতাশার খবর। যুবভারতীতে দেখা যাবে না রাফিনহাকে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেললেও ভারতের বিরুদ্ধে খেলবেন না ব্রাজ়িলের স্ট্রাইকার। অস্ট্রেলিয়া ম্যাচে চোট পেয়েছেন রাফিনহা। তিনি অস্ট্রেলিয়া থেকে সরাসরি বার্সেলোনা ফিরে যাচ্ছেন।
ব্রাজ়িল ফুটবল ফেডারেশন বুধবার জানিয়ে দিয়েছে, রাফিনহা ভারতে আসবেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার সময় ডান পায়ের উরুতে অস্বস্তি অনুভব করেন তিনি। প্রথমার্ধের পর তাঁকে তুলে নেন ব্রাজ়িল কোচ কার্লো আনচেলোত্তি। চোট গুরুতর না হলেও সতর্কতার কারণেই তাঁকে জাতীয় দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। স্পেনে গিয়ে চিকিৎসা করাবেন বার্সেলোনার স্ট্রাইকার। তাঁর পরিবর্তে ব্রাজ়িল অবশ্য কাউকে দলে নেয়নি। অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়ে ভারতে আসছেন ভিনিসিয়াস জুনিয়রেরা। বৃহস্পতিবার রাতে শহরে আসার কথা পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।
গত দু’বছর ধরে নানা চোট আঘাতে ভুগছেন রাফিনহা। ক্লাব এবং জাতীয় দলের হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি। ভারতেও আসতে পারছেন না। স্বাভাবিক ভাবেই ব্রাজ়িলের অন্যতম সেরা ফুটবলারের খেলা দেখা হবে না কলকাতার ফুটবলপ্রেমীদের।