এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র দ্বৈরথের আটচল্লিশ ঘণ্টা আগে আশ্চর্য মিল ইস্টবেঙ্গল ও আল শোর্তা এসসি শিবিরে। দু’দলের কোচই রণকৌশল ফাঁস হওয়ার আতঙ্কে ভুগছেন। রবিবার বিকেলে নিউ টাউনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের মাঠে রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন আন্তোনিয়ো লোপেস হাবাস। সন্ধেয় যুবভারতীতে একই পথে হাঁটলেন আল শোর্তার টিউনিশীয় কোচ সামি ত্রাবেলসি। কালো কাপড়ে মাঠ ঢেকে অনুশীলনকরালেন তিনি।
হাবাসের সঙ্গে আরও একটা ব্যাপারে দুর্দান্ত মিল ত্রাবেলসির। দু’জনেই প্রচণ্ড কড়া। নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। ত্রাবেলসির কোচিংয়েই ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করেছিল টিউনিশিয়া। কিন্ত আফ্রিকা কাপ অব নেশন্সের শেষ ষোলোয় মালির বিরুদ্ধে টাইব্রেকারে হারের পরে তাঁকেই কাঠগড়ায় তোলা হয়েছিল। সঙ্গে সঙ্গেই ক্ষুব্ধ ত্রাবেলসি জাতীয় দলের কোচের পদ থেকে ইস্তফা দেন। দায়িত্ব নেন ইরাকের আল শোর্তার। ঘরোয়া লিগে পয়েন্ট টেবলে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। ৯ ম্যাচ থেকে আল শোর্তার অর্জিত পয়েন্ট ১৬। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র ‘ডি’ গ্রুপে এক ম্যাচ থেকে তিন পয়েন্ট অর্জন করে শীর্ষে ইরাকের ক্লাব। ইস্টবেঙ্গল রয়েছে তৃতীয় স্থানে (এক ম্যাচে এক পয়েন্ট)। সাত বিদেশি নিয়ে কলকাতায় আসার আগে বাগদাদ ডার্বিতে আল শোর্তা গোলশূন্য ড্র করেছে আলতালাবা-র সঙ্গে।
মঙ্গলবার যুবভারতীতে ইস্টবেঙ্গলের চিন্তার কারণ হতে পারেন ইরাকের হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলা আল শোর্তার ফরোয়ার্ড মোহানাদ আলি (মিমি)। গোলরক্ষক জালাল হাসানও ছিলেন বিশ্বকাপ দলে। যদিও গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই হেরেছিল ইরাক। এ ছাড়াও দলে রয়েছেন ভেনেজুয়েলার ডিফেন্ডার রুবেন রামিরেস। আক্রমণাত্মক মিডফিল্ডার আর্জেন্টিনার ক্রিশ্চিয়ান বারকো। নাইজিরীয় কিংসলে কুকু খেলেন ফলস নাইন হিসেবে। ফরোয়ার্ডে রয়েছেন ক্যামেরুনের লিয়োনেল মাবিদা। এখানেই শেষ নয়, রক্ষণের অন্যতম ভরসা মায়থাম জব্বার মুতলাগ ২০১৭ সালে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ইরাকের হয়ে যুবভারতীতে খেলে গিয়েছেন। সেই দলে ছিলেন মিডফিল্ডার বাসাম শাকিরও। ইস্টবেঙ্গল দ্বৈরথের আগে এই দুই ফুটবলারের কাছ থেকেই তথ্য সংগ্রহ করছেন ত্রাবেলসি।
কলকাতায় পৌঁছনোর পরে অবশ্য প্রবল অস্বস্তিতে ছিল আল শোর্তা। কারণ, ম্যাচের জার্সি-সহ অন্যান্য সরঞ্জাম অন্যত্র চলে গিয়েছিল। রবিবার সন্ধেয় মাঠে নামার আগেই অবশ্য যাবতীয় সমস্যার সমাধান হয়ে যায়। বিমান সংস্থা জার্সি পৌঁছে দেয় নিউ টাউনে আল শোর্তার হোটেলে। তাই খোলা মনে প্রস্তুতি সারলেন ত্রাবেলসি। অনুশীলনে তিনি সবচেয়ে বেশি জোর দিলেন লম্বা পাসে দ্রুত আক্রমণ শানানোর উপরে। অনুশীলন শেষ হওয়ার পরে আল শোর্তার ফুটবলার থেকে দল পরিচালন সমিতির সদস্যরা ব্যস্ত হয়ে পড়লেন ভারতীয়মশলার খোঁজে।