তাঁর গোলেই দ্বিতীয় বার বিশ্বকাপ জিতেছিল স্পেন। ফাইনালে হারিয়েছিল আর্জেন্টিনাকে। সেই ফেরান তোরেস এ বার স্পেনের ক্লাব বার্সেলোনা ছেড়ে দিলেন। যোগ দিলেন ফ্রান্সের প্যারিস সঁ জরমেঁ। শনিবার এই ঘোষণা করা হয়েছে। সে দিনই নতুন ক্লাবের জার্সিতে অনুশীলনে নেমেছেন তোরেস। এ দিকে, মেসির সতীর্থ ক্রিশ্চিয়ানো রোমেরোও ক্লাব বদলেছেন। টটেনহ্যাম হটস্পার থেকে তিনি যোগ দিয়েছেন আতলেতিকো মাদ্রিদে।
আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে প্যারিসের অনুশীলনে নামেন তোরেস। তাঁকে ‘গার্ড অফ অনার’ দিয়ে স্বাগত জানান নতুন সতীর্থেরা। তাঁদের সঙ্গে খুব কম সময়ের মধ্যে মিশে গিয়েছেন তোরেস। ২০৩১ পর্যন্ত পিএসজি-র সঙ্গে চুক্তি হয়েছে তাঁর। বার্সেলোনা থেকে তোরেসকে প্রায় ৫৫৯ কোটি টাকায় কিনেছে প্যারিস। তিনি নতুন ক্লাবে ৯ নম্বর জার্সি পরে খেলবেন।
আরও পড়ুন:
প্যারিসে সই করে লুই এনরিকের সঙ্গে আবার কাজ করার সুযোগ পাচ্ছেন তোরেস। অতীতে বার্সেলোনায় এনরিকের অধীনে খেলেছেন। গত মরসুমে বার্সেলোনার হয়ে ২১টি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেছিলেন তোরেস। ক্লাবও ধরে রেখেছিল লা লিগা ট্রফি।
এ দিকে, রোমেরোকে ৪৪০ কোটি টাকায় সই করিয়েছে আতলেতিকো। তিনিও ২০৩১ পর্যন্ত স্পেনের ক্লাবে থাকছেন। এ বছর বিশ্বকাপে রানার্স-আপ হলেও ২০২২-এ আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছিলেন রোমেরো। পাঁচ বছর টটেনহ্যামে থাকার পর ইংল্যান্ডের ক্লাবকে বিদায় জানালেন তিনি। টটেনহ্যামের হয়ে ১৫৬টি ম্যাচ খেলেছেন। তবে বিদায়বার্তায় রোমেরো লিখেছেন, “পাঁচ বছরের যাত্রাপথ নিখুঁত ছিল না।”