দলগত ব্যাডমিন্টনের দু’বিভাগের কোয়ার্টার ফাইনালেই জাপানের মুখোমুখি হয়েছিল ভারত। এশিয়ান গেমসের আয়োজকদের ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠলেন লক্ষ্য সেনরা। নিশ্চিত করলেন পদক। অন্য দিকে, ১-৩ ব্যবধানে হেরে পদকের দৌড় থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধুরা।
গত এশিয়ান গেমসে ছেলেদের দলগত ব্যাডমিন্টনে রুপো পেয়েছিল ভারত। এ বারও পদক নিশ্চিত। মঙ্গলবার জাপানকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারতীয় দল। ছেলেদের বিভাগে লড়াই সহজ ছিল না। প্রথম ম্যাচেই লক্ষ্যকে মুখোমুখি হতে হয় বিশ্বের সাত নম্বর কোদাই নারাওকার। প্রথম গেমে ১১-২১ ব্যবধানে হেরে যাওয়ার পরও হাল ছাড়েননি লক্ষ্য। দ্বিতীয় গেমে শক্তিশালী ভাবে লড়াইয়ে ফেরেন বিশ্বের ১০ নম্বর লক্ষ্য। ২১-৫ ব্যবধানে নারাওকাকে উড়িয়ে ম্যাচে সমতা ফেরান। এর পর নির্ণায়ক তৃতীয় গেমে হাড্ডাহাড্ডি লড়াই হয় দু’জনের। শেষ পর্যন্ত ২১-১৯ ব্যবধানে জেতেন লক্ষ্য। ১ ঘণ্টা ৬ মিনিটের লড়াই জিতে জাপানের বিরুদ্ধে ভারতকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন লক্ষ্য।
লক্ষ্যের জয়ের পর ডাবলসে মুখোমুখি হয় ভারত-জাপান। সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটিকেও কঠিন লড়াই করতে হয়েছে। বিশ্বের প্রাক্তন এক নম্বর ভারতীয় জুটি ২১-১৮, ২৪-২২ ব্যবধানে হারায় প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন জুটি হোকি তাকুরো-কোবায়াশি উগোকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। এর পরের সিঙ্গলসে ভারতের আয়ুষ শেট্টি মুখোমুখি হয় বিশ্বের ১৬ নম্বর কোকি ওয়াতানেবেকে। ম্যাচের ফল এশিয়া চ্যাম্পিয়নশিপ ফাইনালিস্টের পক্ষে ২১-১০, ২১-১৯। সেমিফাইনালে ভারতকে খেলতে হবে চিন এবং দক্ষিণ কোরিয়ার বিজয়ী দলের সঙ্গে।
ছেলেরা শক্তিশালী জাপানকে হারিয়ে পদক নিশ্চিত করলেও মেয়েরা হতাশ করলেন। প্রথম সিঙ্গলসে ভাল শুরু করেও হেরে যান পিভি সিন্ধু। প্রথম গেম ২৩-২১ ব্যবধানে জিতলেও ইয়ামাগুচির বিরুদ্ধে পরের দু’টি গেমে সুবিধা করতে পারেননি। ১৮-২১, ১১-২১ ব্যবধানে হেরে যান। দ্বিতীয় সিঙ্গলসে হেরে যান উন্নতি হুডাও। তিনি তোমোকা মিয়াজ়াকির কাছে হারেন ১৬-২১, ১৮-২১ ব্যবধানে।
০-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর তৃতীয় ম্যাচ জিততেই হত ভারতকে। ডাবলস জিতে আশা বাঁচিয়ে রাখেন তৃষা জলি-গায়েত্রী গোপীচন্দ জুটি। তাঁরা ২১-১৭, ২১-১৬ ব্যবধানে হারান ইউকি ফুকুশিমা-মায়ু মাৎসুমোতো জুটিকে। প্রথম গেমে এক সময় স্কোর ছিল ১৭-১৭। চাপের মুখে মাথা ঠান্ডা রেখে টানা চার পয়েন্ট জিতেন ভারতীয়েরা। ১-২ হওয়ার পর চতুর্থ ম্যাচেও ভারতকে জিততেই হত আশা বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু হতাশ করলেন তন্বী শর্মা। তিনি জাপানের নোজ়োমি ওকুহারার সামনে দাঁড়াতেই পারলেন না। ১২-২১, ১০-২১ ব্যবধানে তিনি হারতেই বিদায় নিশ্চিত হয়ে যায় ভারতের।