জার্মানির ভিনসেন্ট কিমারকে ১৯-৯ ব্যবধানে উড়িয়ে গ্র্যান্ড দাবা টুরের ফাইনালে উঠলেন ভারতের গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ। ফাইনালে তাঁর প্রতিপক্ষ প্রতিযোগিতায় ট্রফির দৌড়ে থাকা অন্যতম তারকা এবং গত বারের চ্যাম্পিয়ন আমেরিকার ফাবিয়ানো কারুয়ানা।
কিমারের বিরুদ্ধে দ্বিতীয় ক্ল্যাসিক্যাল গেম জিতে প্রজ্ঞনানন্দ ছয় পয়েন্টের বড় সুবিধা নিয়ে শেষ দিনে নামেন। সোমবার ছিল র্যাপিড ম্যাচ। পর পর দু’টি র্যাপিড গেমে কিমারকে হারিয়ে ১৭-৩ এগিয়ে যান ভারতীয় তারকা। ফলে ফাইনালে ওঠা কার্যত নিশ্চিত হয়ে যায়। প্রথম ব্লিৎজ় গেমও জিতে ব্যবধান বাড়িয়ে করেন ১৯-৩। নিয়ম অনুযায়ী বাকি গেমগুলিও খেলতে হয়। তাই শেষ তিনটি ব্লিৎজ় গেমে জিতেও কিমার ম্যাচের ফল বদলাতে পারেননি। শেষ পর্যন্ত ১৯-৯ ব্যবধানেই জেতেন প্রজ্ঞানন্দ।
অন্য সেমিফাইনালে কারুয়ানা ১৮-৯ হারিয়েছেন প্রতিপক্ষকে। ব্লিৎজ়ে দুরন্ত খেলেছেন আমেরিকান গ্র্যান্ডমাস্টার। ফাইনালে তাই প্রজ্ঞানন্দের সামনে কঠিন পরীক্ষা।
এই প্রতিযোগিতায় কারুয়ানাকে প্রথম থেকে অনেকে এগিয়ে রাখলেও প্রজ্ঞা সব হিসেব পাল্টে দিয়েছেন। চলতি মরসুমে দুরন্ত ছন্দে আছেন প্রজ্ঞা। নরওয়ে দাবা জিতেছেন তিনি। যুগ্ম ভাবে শীর্ষে শেষ করেন সিঙ্কফিল্ড কাপেও।
তৃতীয় স্থানের ম্যাচে কেইমারের প্রতিপক্ষ আমেরিকার ওয়েসলি সো। এই প্রতিযোগিতা থেকে সেরা তিন জন দাবাড়ু আগামী বছর গ্র্যান্ড চেস টুরে সরাসরি খেলার আমন্ত্রণ পাবেন।