চিন মাস্টার্সে চমক কিদম্বি শ্রীকান্তের। প্রাক্তন বিশ্বসেরা শ্রীকান্ত বৃহস্পতিবার স্ট্রেট গেমে হারালেন বিশ্বের ৯ নম্বর ভিক্টর লাইকে। ফল ২১-১৮, ২১-১৯। এই জয় কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিল তাঁকে। ভিক্টরের কাছেই প্রথম রাউন্ডে হেরেছিলেন লক্ষ্য সেন।
৩৩ বছর বয়সি শ্রীকান্ত এ বছরের গোড়ার দিকে যুক্তরাষ্ট্র ওপেন সুপার ৩০০ প্রতিযোগিতার ফাইনালে উঠেছিলেন। এ দিন বিশ্বের ৩৭ নম্বর শ্রীকান্তের খেলায় পুরনো ঝলক দেখা যায় ভিক্টরের বিরুদ্ধে। গত মাসেই যিনি নয়াদিল্লিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের দ্বিতীয় ব্রোঞ্জ জিতেছেন। ২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয়ী শ্রীকান্ত সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন বিশ্ব ক্রমপর্যায়ে ২৫ নম্বরে থাকা হংকং-এর লি চেউক ইউ-এর।
ম্যাচের পরে শ্রীকান্ত বলেছেন, ‘‘ম্যাচের স্কোর নিয়ে আমি ভাবছিলাম না। শুধু মাথায় ছিল, ম্যাচটায় কী ভাবে খেলেছি এবং এর পরে কী করতে হবে।’’ যোগ করেছেন, ‘‘গত ১২-১৪ মাস ধরে ও (ভিক্টর) দারুণ ছন্দে আছে। তবে ম্যাচে নামার আগে আমার মনে হয়েছিল এটা একটা নতুন দিন। যদি নিজের সেরাটা দিতে পারি তা হলে আমার জেতার সুযোগ থাকবে। ও কী রকম খেলছে, সেটা মাথায় ছিল না। আমার কী ভাবে খেলা উচিত, সেটাই ভাবছিলাম।’’
ডাবলসে প্রাক্তন বিশ্বের এক নম্বর জুটি সাত্ত্বিক-চিরাগও কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তবে ফ্রান্সের দুই ভাই ক্রিস্টো ও টোমা জুনিয়র পোপোভ-এর বিরুদ্ধে ম্যাচের মাঝামাঝি ছন্দপতন হয় তাঁদের। প্রথম গেম সাত্ত্বিকরা জিতলেও দুটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে দ্বিতীয় গেম জিতে নেন ক্রিস্টো-টোমা। ম্যাচ গড়ায় তৃতীয় গেমে। তৃতীয় গেমে অবশ্য শুরুতে এগিয়ে যায় ভারতীয় জুটি। শেষ পর্যন্ত সাত্ত্বিকরা জিতেছেন ২১-১৫, ২২-২৪, ২১-৯ ফলে।
তবে মেয়েদের সিঙ্গলসে হেরে গিয়েছেন সদ্য তাইপে ওপেন ওয়ার্ল্ড টুর সুপার ৩০০ খেতাব জয়ী তন্বি শর্মা। তাঁকে ছিটকে দেন বিশ্বের ন’নম্বর টোমোকা মিয়াজ়াকি। ফল ১৭-২১, ২১-১৮, ১৬-২১। তন্বির বিশ্বর্যাঙ্কিং ৩৭। একই সঙ্গে ভারতের ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টোর জুটিও ছিটকে গিয়েছে মিক্সড ডাবলসে। তাঁদের হারান ১৮-২১, ১৮-২১ ফলে চিনা তাইপের জুটি।