সোনার স্বপ্ন সফল হল না অভয় সিংহের। নাগোয়া এশিয়ান গেমসে ছেলেদের স্কোয়াশ ফাইনালে মালয়েশিয়ার এইন ইয়োর কাছে সরাসরি গেমে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে। মেয়েদের স্কোয়াশ ফাইনালে হারলেন অনাহত সিংহও। ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন পিভি সিন্ধু। রবিবার হতাশ করলেন শুটারেরাও। তবে পদকের আশা ভারতের জাগালেন তিরন্দাজেরা।
এশিয়ান গেমসে সোনা জিততে পারলে ২০২৮ সালের অলিম্পিক্সে সরাসরি নামতে পারতেন অভয়। কিন্তু ফাইনালে সাধ্য মতো লড়াই করেও জিততে পারলেন না। মালয়েশিয়ার ইয়োর বিরুদ্ধে পাঁচ বার খেলে প্রতি বারই হারলেন তিনি। ফাইনালের শুরু থেকেই দাপট ছিল ইয়োর। তাঁর আগ্রাসী মেজাজের সঙ্গে পাল্লা দিতে পারেনি অভয়। ৩৩ মিনিটের লড়াইয়ে কোনও সময়ই মনে হয়নি অভয় জিততে পারবেন। প্রথম গেমে কিছুটা লড়াই হলেও খেলা যত এগিয়েছে, তত দাপট বেড়েছে ইয়োর। শেষ পর্যন্ত ৯-১১, ৫-১১, ৫-১১ ব্যবধানে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল অভয়কে। অভয়ের মতোই সোনা জিততে পারলেন না অনাহতও। মেয়েদের ফাইনালে তিনি মালয়েশিয়ার সুব্রহ্মণ্যম শিবসাঙ্গারির কাছে হারলেন ৪-১১, ৪-১১, ৭-১১ ব্যবধানে। মাত্র ২৭ মিনিটে একপেশে ম্যাচ জিতে নেন শিবসাঙ্গারি। প্রথম ভারতীয় হিসাবে মেয়েদের স্কোয়াশের সিঙ্গলসের ফাইনালে উঠেছিলেন অনাহত।
রবিবার এশিয়াডের ব্যাডমিন্টনে দৌড় শেষ হয়ে গেল ভারতের। শেষ আশা ছিলেন সিন্ধু। সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে তিনি চিনের চেন ইউ ফেইয়ের সঙ্গে লড়াই করেও হেরে গেলেন। প্রথম গেম জেতার পরও সিন্ধু হারলেন ২১-১১, ১৮-২১, ১০-২১ ব্যবধানে। তিনি কোর্টে নামার আগে ব্যাডমিন্টনের আরও তিনটি কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন ভারতীয়েরা। মেয়েদের সিঙ্গলসের অন্য কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন উন্নতি হুডাও। তিনি জাপানের আকানে ইয়ামাগুচির কাছে হেরেছেন ১৬-২১, ২১-১৪, ১৭-২১ ব্যবধানে। মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে ধ্রুব কপিলা-তনিশা ক্রাস্তো জুটি ১৪-২১, ২১-১৮, ১৮-২১ ব্যবধানে হেরেছে চিনের ফেং ইয়ান ঝে-হুয়াং ডংপিং জুটির কাছে। মেয়েদের ডাবলসেও শেষ ভারতীয় চ্যালেঞ্জ। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার জুটির কাছে ১৮-২১, ৯-২১ ব্যবধানে হেরেছে ভারতের গায়ত্রী গোপীচন্দ-তৃষা জলি জুটি। ফলে এ বারের গেমসে ব্যাডমিন্টনে শুধু পুরুষদের দলগত ব্রোঞ্জ ছাড়া আর কোনও পদক পেল না ভারত।
রবিবার হতাশ করলেন শুটারেরাও। ছেলেদের দলগত ট্র্যাপ ইভেন্টে সাত নম্বরে শেষ করল ভারত। মেয়েদের ব্যক্তিগত ২৫ মিটার পিস্তল ইভেন্টে রাহি স্বর্বহত ১৫ নম্বরে এবং মনু ভাখর ১৬ নম্বরে শেষ করলেন। যোগ্যতা অর্জন পর্বে ছয় নম্বরে শেষ করে ফাইনালে উঠেছেন শুধু এষা সিংহ। তবে দলগত ইভেন্টে ফাইনালে উঠেছেন মনু, এষা, রাহিরা। মহিলাদের দলগত ট্র্যাপ ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় হয়েছে ভারত। হতাশ করেছেন ভারোত্তোলক হরজিন্দর কৌরও। ৬৯ কেজি বিভাগে তিনি শেষ করেছেন নবম স্থানে।
রবিবার পদকের আশা জাগালেন তিরন্দাজেরা। ছেলেদের কম্পাউন্ড দলগত ইভেন্টের সেমিফাইনালে উঠেছে ভারত। কোয়ার্টার ফাইনালে ভুটানকে ২৩৫-২৩২ ব্যবধানে হারিয়েছে ভারত। মেয়েদের কম্পাইন্ড দলগত ইভেন্টেরও শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। কোয়ার্টার ফাইনালে কাজ়াখস্তানকে ২৩৩-২৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে। কম্পাউন্ড এবং রিকার্ভ মিক্সড দলগত ইভেন্টেও সেমিফাইনালে পৌঁছেছেন ভারতীয় তিরন্দাজেরা। রিকার্ভে ছেলেদের দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে চিনকে হারিয়ে শেষ চারে ভারতীয় দল। চাইনিজ তাইপেকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে মেয়েদের রিকার্ভ দলও। অর্থাৎ তিরন্দাজির সব দলগত ইভেন্টের সেমিফাইনালেই পৌঁছেছে ভারত।
আরও পড়ুন:
মেয়েদের বক্সিংয়ে পদক নিশ্চিত করেছেন পারভীন হুডা। তিনি ৬৫ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন। ছেলেদের ৮০ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন অঙ্কুশ। বক্সিংয়ে ভারতের দু’টি পদক নিশ্চিত হল। ছেলেদের ভলিবলের গ্রুপ পর্বের ম্যাচে ভিয়েতনামকে হারিয়েছে ভারত।