প্যারা এশিয়ান গেমসের প্রথম দিনেই জোড়া পদক ভারতের। জোড়া পদক এল মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্ট থেকে। নাগোয়া প্যারা গেমসে সোনা জিতলেন মোনা অগ্রবাল এবং রুপো জিতলেন অবনী লেখারা। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয় দুই ভারতীয় শুটারের।
যোগ্যতা অর্জন পর্বে থেকেই মোনার দাপট ছিল। সমানে সমানে পাল্লা দেওয়ার চেষ্টা করেছেন অবনীও। ৬২৯.১ পয়েন্ট স্কোর করে মোনা ফাইনালে ওঠেন প্রথম হয়ে। ভেঙে দেন গেমসের যোগ্যতা অর্জন পর্বের রেকর্ড। যে রেকর্ড ছিল মোনা, অবনীর অন্যতম চ্যালেঞ্জার চিনের ঝাং কুইপিংয়ের। বিশ্বরকর্ড (৬২৯.৪) থেকে সামান্য দূরে থামেন মোনা। অবনী যোগ্যতা অর্জন পর্বে ৬২৬.৪ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় স্থানে শেষ করেন।
ফাইনালের শুরু থেকেই দুই ভারতীয়ের মধ্যে টানটান লড়াই শুরু হয়। কখনও মোনা এগিয়ে থেকেছেন। আবার কখনও অবনী। শেষ পর্যন্ত ২৫০ স্কোর করে গত গেমসে অবনীর রেকর্ড ভেঙে সোনা জিতে নেন মোনা। চার বছর আগে ২৪৯.৬ পয়েন্ট স্কোর করে সোনা জিতেছিলেন অবনী। এ বার ২৫০ পয়েন্ট স্কোর করে সোনা জিতলেন মোনা। অবনী এ বারও ২৪৯.৬ পয়েন্ট স্কোর করেন। তবে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।
মহিলাদের ইভেন্ট থেকে জোড়া পদক এলেও পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল থেকে কোনও পদক জিততে পারেনি ভারত। তিন জন শুটারই ব্যর্থ হয়েছেন। সেরা ফল স্বরূপ উহাঁলকরের চতুর্থ স্থান প্রাপ্তি।