ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়নশিপে ভাল-খারাপ মিশিয়ে কাটল ভারতের দিন। হেরে গেলেন ভারতের অন্যতম বাজি লক্ষ্য সেন। বিশ্বের ৯২ নম্বরের কাছে হারলেন ১৪ নম্বর লক্ষ্য। তিনি হারলেও তরতরিয়ে এগোচ্ছেন আয়ুষ শেট্টি। আগের দিন বিশ্বের এক নম্বর শি ইউ কি-কে হারিয়েছিলেন বিশ্বের ২২ নম্বর আয়ুষ। এই দিন শ্রীলঙ্কার প্রতিপক্ষকে হারাতে বেশি সময় লাগল না তাঁর। জিতেছেন পিভি সিন্ধু। ভারতের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি ওয়াকওভার পেয়েছেন। প্রত্যেকেই জায়গা করে নিয়েছেন শেষ ষোলোয়।
আমেরিকার গ্যারেট টানের বিরুদ্ধে যে লক্ষ্যকে এতটা সমস্যায় পড়তে হবে তা বোঝা যায়নি। তিনটি গেমেই লড়াই হয়। প্রথম গেম লক্ষ্য ২১-১৯ জিতে নিলেও পরের গেমেই ১৯-২১ হারেন তিনি। তৃতীয় গেম গ্যারেট জেতেন ২১-১৭ ফলে। গোটা ম্যাচে লক্ষ্যকে দেখে মনে হয়েছে, সমস্যা হচ্ছে কোথাও। সেই আত্মবিশ্বাস পাচ্ছিলেন না। প্রথম রাউন্ডেও তিন গেম লেগেছিল জিততে। প্রথম গেম হেরে পরের দুই গেম জিতেছিলেন ভারতীয় তারকা। দ্বিতীয় রাউন্ডে পুরো উল্টো ছবি দেখা গেল।
লক্ষ্য হতাশ করলেও চমক দিচ্ছেন ভারতের নতুন তারকা। তাঁর নাম আয়ুষ শেট্টি। আগের দিন অঘটন ঘটিয়েছিলেন। এই ম্যাচে দাপট দেখালেন। ৮৭ নম্বরে থাকা শ্রীলঙ্কার দুমিন্দু আবেবিক্রম তাঁর সামনে দাঁড়াতে পারেননি। স্ট্রেট গেমে (২১-৮, ২১-১০) ম্যাচ জিতে নেন আয়ুষ। তাঁর পাওয়ার গেম নজর কেড়েছে। আগের দিন কঠিন ম্যাচ জেতায় এ দিন আরও বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিল আয়ুষকে। লক্ষ্য বিদায় নেওয়ায় বিশ্বচ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসে ভারতের একমাত্র ভরসা এখন আয়ুষ।
আরও পড়ুন:
সিন্ধুরও জিততে সমস্যা হয়নি। ৯ নম্বর সিন্ধুর সামনে ছিলেন ৪৯ নম্বরে থাকা কানাডার ওয়েন ইউ ঝাং। তিনি লড়লেও খুব একটা সমস্যা হয়নি সিন্ধুর। তিনিও স্ট্রেট গেমে (২১-১৬, ২১-১৭) ম্যাচ জিতে নেন। ধীরে ধীরে ছন্দে ফিরছেন সিন্ধু। তাঁর খেলা ভরসা জোগাচ্ছে।
ভারত ডাবলস জুটি সাত্ত্বিক-চিরাগের ম্যাচ ছিল স্কটল্যান্ডের আলেকজ়ান্ডার ডুন ও অ্যাডাম প্রিঙ্গলের বিরুদ্ধে। কিন্তু ম্যাচের আগে তাঁরা নাম তুলে নেন। ফলে ওয়াকওভার পান ভারতীয় জুটি। মিক্সড ডাবলসের শেষ ষোলোয় উঠেছেন ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো। স্ট্রেট গেমে (২১-১১, ২১-১১) তাঁরা হারিয়েছেন ম্যাকাউ চিনের লোক চোং লিয়ং ও ওয়েং চিকে।