চিন মাস্টার্সে প্রথম রাউন্ডেই ফের স্বপ্নভঙ্গ লক্ষ্য সেনের। বুধবার শেনঝেনে কানাডার ভিক্টর লাই মাত্র ৩৮ মিনিটে তাঁকে হারালেন। ফল ১৪-২১, ৭-২১। তবে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন কিদম্বি শ্রীকান্ত।
২০২১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী লক্ষ্য চিন মাস্টার্সের প্রথম রাউন্ডে বিশ্বের নয় নম্বর ভিক্টরের বিরুদ্ধে একেবারেই ছন্দে ছিলেন না। ক্রমাগত ভুল করতে থাকেন। মাত্র ৩৮ মিনিটেই শেষ হয়ে যায় তাঁর লড়াই। ম্যাচ পুরোটাই ছিল ভিক্টরের নিয়ন্ত্রণে। সম্প্রতি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বার ব্রোঞ্জ জিতেছেন কানাডার তারকা। লক্ষ্যের বিরুদ্ধে চার বারের সাক্ষাতে তিন বারই জিতলেন ভিক্টর। চলতি বছরের মার্চে অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে ভিক্টরকে হারিয়েছিলেন লক্ষ্য।
লক্ষ্যের বিদায়ের দিনে চিন মাস্টার্সে ভারতের আশা বাঁচিয়ে রাখলেন শ্রীকান্ত। চিনা তাইপের চি ইউ জেনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন। ফল ২১-১৬, ২১-১৫। জয় পেয়েছেন তন্বি শর্মাও। তিনি ডেনমার্কের অ্যামেলিয়া শুলজ়কে হারান ২১-১৬, ২১-১৭ ফলে। পরের রাউন্ডে গিয়েছেন সাত্ত্বিক-চিরাগও। তাঁরা হারান মালয়েশিয়ার জুটিকে।