Advertisement
E-Paper

কলকাতা ফুটবলে ফের ডার্বি। রাজ্য সফরে মোহন ভাগবত। প্রশান্ত বর্মন কি আত্মসমর্পণ করবেন। নজরে কী

এই মরশুমে এই নিয়ে চার বার মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৬:১৫ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ০৭:৪৮

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

আজ কলকাতা ফুটবলে আবার ডার্বি। আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এই মরশুমে এই নিয়ে চার বার মুখোমুখি হচ্ছে দুই দল। ডুরান্ডের গ্রুপ পর্বের ম্যাচে মোহনবাগান জিতলেও ফাইনালে উড়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের কাছে। কলকাতা লিগে জুনিয়র ফুটবলারদের খেলিয়েও লাল-হলুদ আটকে দিয়েছিল সবুজ-মেরুনকে। আজ মোহনবাগান পাবে না জেমি ম্যাকলারেন ও আশিস রাইকে। ইস্টবেঙ্গল পূর্ণ শক্তি নিয়েই নামবে। যুবভারতীতে খেলা শুরু সন্ধ্যা ৬:১৫ থেকে। খেলা দেখা যাবে ফ্যানকোড অ্যাপে।

এক বছর ধরে চলছিল নিবিড় জনসংযোগ। শতাব্দী বর্ষকে সামনে রেখে সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছিল আরএসএস। সেই জনসংযোগকে এ বার প্রত্যক্ষ ভাবে সংগঠনের অংশ করে তোলার অভিযান শুরু করেছে আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ)। আর তার বিশদ হিসেব বুঝে নিতে এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণ করতে সংগঠনের ১০২তম প্রতিষ্ঠা দিবসের সপ্তাহ দুয়েক আগেই পশ্চিমবঙ্গ সফরে আসছেন মোহন ভাগবত। আজ বর্ধমানে এ রাজ্যের তিনটি সাংগঠনিক প্রান্তের পদাধিকারীদের নিয়ে বৈঠকে বসবেন তিনি।

প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে বলেছে কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার উচ্চ আদালত জানিয়েছে, প্রশান্ত এই সময়ের মধ্যে আত্মসমর্পণ না-করলে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হবে। অবিলম্বে রাজ্যকে তাঁর বেতন বন্ধ করারও নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের বেঞ্চ। রাজ্যকে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ৪৮ ঘণ্টা পার হলেই প্রশান্তের সম্পত্তির তালিকা তৈরি করতে হবে। রাজ্যের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, “বেতন বন্ধ করুন। কেন এত দিন পালিয়ে আছেন? সম্পত্তি বাজেয়াপ্ত করছেন না কেন? এক জন সরকারি আধিকারিক এত দিন ধরে পালিয়ে আছেন? সুপ্রিম কোর্টকেই পাত্তা দিচ্ছেন না, হাই কোর্টকে কী দেবেন? সুপ্রিম কোর্টের প্রতি কোনও সম্মান নেই।” আদালত জানিয়েছে, আজ দুপুর সাড়ে ৩টের মধ্যে আত্মসমপর্ণ করতে হবে প্রশান্তকে।

এসআইআরে জালিয়াতি এবং ভোটচুরির প্রতিবাদে এ বার ১২ ঘণ্টা ওড়িশা বন্‌ধের ডাক দিল বিরোধী দলগুলি। ‘ইন্ডিয়া’র শরিক কংগ্রেস এবং বাম দলগুলির পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দল বিজেডি-ও শামিল হচ্ছে আজকের এই বন্‌ধে! অন্য দিকে, আজ দুপুরের বিমানে দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিল্লিতে ‘ইন্ডিয়া’র যে কর্মসূচি রয়েছে তাতে অংশ নিতে যাবেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আছেন, মমতার সঙ্গে তিনিও সেই কর্মসূচিতে থাকবেন বলে জানিয়েছে কালীঘাট তৃণমূলের একটি সূত্র।

News of the Day East Bengal Mohun Bagan Kolkata Derby Mohan Bhagwat SIR

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy