দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনই দারুণ জায়গায় ভারত। শুভমন গিলেরা প্রথম ইনিংসে ৫০০-র উপর রান তুলে ছেড়ে দিয়েছে। দেবদত্ত পডিক্কলের পর শতরান করেছেন উইকেটরক্ষক ধ্রুব জুরেল। দিনের শেষে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২টি উইকেটও তুলে নিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং মানব সুতার। শ্রীলঙ্কা কি ঘুরে দাঁড়াতে পারবে? আজ খেলা শুরু সকাল ১০টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
ছাত্রবিক্ষোভের জেরে সর্ব দল বৈঠক থেকে বেরোনোর সময় হোঁচট খেয়ে পড়ে যান উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। দাবি মানা না-হলে ঘেরাও হবেন, এমন হুঁশিয়ারি আগেই দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। এরই মধ্যে স্থির হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটির চেয়ারম্যানের নাম। যাদবপুর থানা নিয়ে গিয়েছে সিসি ক্যামেরার ফুটেজ। মঙ্গলবার কোন পথে এগোবে তদন্ত?
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।