Advertisement
E-Paper

১৫ বছর পর বিশ্ব ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলসে পদক নিশ্চিত ভারতের, সেমিফাইনালে জলি-গোপীচন্দ জুটি

২০১১ সালে বিশ্ব ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলসে ব্রোঞ্জ জিতেছিল জ্বালা গুট্টা-অশ্বীনি পোনাপ্পা জুটি। তার ১৫ বছর পর এই ইভেন্টে পদক নিশ্চিত করল তৃষা জলি-গায়ত্রী গোপীচন্দ জুটি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ১৪:৩৭
Picture of Sports

(বাঁ দিকে) তৃষা জলি এবং গায়ত্রী গোপীচন্দ (ডান দিকে)। বিশ্ব ব্যাডমিন্টনের সেমিফাইনালে ওঠার পর। ছবি: রয়টার্স।

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের গায়ত্রী গোপীচন্দ-তৃষা জলি জুটি। ১৫ বছর পর মহিলাদের ডাবলসে পদক নিশ্চিত হল ভারতের। কোয়ার্টার ফাইনালে গোপীচন্দ-জলি জুটি ১৬-২১, ২১-১৫, ২১-১৩ ব্যবধানে হারিয়েছে চতুর্থ বাছাই চিনের জিয়া ই ফান-ঝ্যাং শু জ়িয়াং জুটিকে।

বিশ্বচ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে অঘটন ঘটালেন গোপীচন্দ-জলি জুটি। শক্তিশালী চিনা জুটির বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিলেন তাঁরা। তাঁদের এই জয় ১৫ বছর পর বিশ্ব ব্যাডমিন্টনে মহিলাদের ডাবলসে পদক নিশ্চিত করল। ২০১১ সালে শেষ বার এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিল জ্বালা গুট্টা-অশ্বীনি পোনাপ্পা জুটি।

শুক্রবার এগিয়ে থেকেই কোর্টে নেমেছিল প্রতিযোগিতার চতুর্থ বাছাই চিনা জুটি। প্রথম গেম প্রত্যাশা মতোই ২১-১৬ ব্যবধানে জিতে নেন ফান-জ়িয়াং। প্রতিযোগিতায় প্রথম বার গেম খোয়ালেও ম্যাচ জিততে অসুবিধা হয়নি ভারতীয় জুটির। পিছিয়ে পড়ার পর আগ্রাসী ব্যাডমিন্টন খেলতে শুরু করেন গোপীচন্দ এবং জলি। তাতেই জয় এসেছে। এর আগে ফান-জ়িয়াং জুটির বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলে সব ক’টিই হেরেছিলেন গোপীচন্দ-জলি।

ম্যাচের শুরুটা ভাল করতে পারেনি ভারতীয় জুটি। ০-৪ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৫৭ শটের র‌্যালি খেলে প্রথম পয়েন্ট জেতে। এই পয়েন্টও আসে চিনা জুটির আনফোর্সড এরর থেকে। গোপীচন্দ-জলি জুটি ছন্দ পাওয়ার আগেই ৮-২ ব্যবধানে এগিয়ে যায় চিনারা। এর পর টানা ছ’পয়েন্ট জিতে ৮-৯ করেন গোপীচন্দরা। তবু শেষ রক্ষা হয়নি। প্রথম গেম হাতছাড়া হয় তাঁদের।

দ্বিতীয় গেমের শুরুতেও ৪-৫ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। ৪৮ শটের র‌্যালি জিতে সমতা ফেরায়। এর পর আর প্রতিপক্ষকে কোনও সুযোগ দেননি গোপীচন্দেরা। ম্যাচে ক্রমশ দাপট বৃদ্ধি করতে থাকেন তাঁরা। আর পেরে ওঠেনি চিনারা। ফান-জ়িয়াং জুটিকে আর লম্বা র‌্যালি খেলতেই দেয়নি গোপীচন্দ-জলি জুটি। ভারতের দ্বিতীয় মহিলা ডাবলস জুটি হিসাবে বিশ্ব ব্যাডমিন্টনে পদক নিশ্চিত করলেন তাঁরা।

badminton Gayatri Gopichand Medal

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy