আর কিছু দিন পরেই শুরু হবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন। সেই প্রতিযোগিতার পুরস্কারমূল্য আরও বাড়তে চলেছে। এ বার চ্যাম্পিয়ন হলে গত বারের থেকেও বেশি টাকা পাওয়া যাবে। অংশগ্রহণ থেকে প্রতিটি পর্বেই অর্থের পরিমাণ বেড়েছে।
আয়োজকদের তরফে জানানো হয়েছে, এ বার পুরুষ ও মহিলা দুই বিভাগেই সিঙ্গলস বিজয়ীরা ৫২ কোটি ৬৪ লক্ষ টাকা পাবেন। সব মিলিয়ে প্রতিযোগিতার পুরস্কারমূল্য রাখা হয়েছে ১০৩৩ কোটি ৮০ লক্ষ টাকা। গত বছরের চেয়ে ২০ শতাংশ বাড়ছে পুরস্কারের অর্থ। ২০২৪-এর থেকে বেড়েছে ৪৪ শতাংশ। ফলে প্রতি বছরই পুরস্কারমূল্য বাড়ানোর ব্যাপারে ধারাবাহিকতা রাখা হয়েছে।
গত বছর ইউএস ওপেন জিতে কার্লোস আলকারাজ় যে টাকা পেয়েছিলেন, এ বার তার চেয়েও প্রায় পাঁচ কোটি টাকা পাবেন যদি ট্রফি হাতে তুলতে পারেন। গত বছর সিঙ্গলস বিজয়ীদের প্রায় ৪৮ কোটি টাকা পুরস্কারমূল্য হিসাবে দেওয়া হয়েছিল। যে সব খেলোয়াড়েরা প্রথম রাউন্ড থেকে ছিটকে যাবেন তাঁরা পাবেন ১ কোটি ৩৪ লক্ষ টাকা।
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে যাঁরা উঠবেন তাঁদের দেওয়া হবে প্রায় ৭.৫ কোটি টাকা। সেমিফাইনালিস্টরা পাবেন প্রায় ১৪ কোটি টাকা। ইউএস ওপেনে যিনি রানার-আপ হবেন তিনি পাবেন ২৬ কোটি ৮০ লক্ষ টাকা। অর্থাৎ ট্রফিজয়ীরা রানার-আপের থেকেও প্রায় দ্বিগুণ বেশি অর্থ পাবেন। দুই বিভাগের ডাবলস এবং মিক্সড ডাবলসেও অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে।
আরও পড়ুন:
আয়োজকেরা জানিয়েছেন, এ বছর থেকে ‘প্লেয়ার সাপোর্ট প্রোগ্রাম’ চালু করা হয়েছে। তার জন্য ১৯ কোটি ১৪ লক্ষ টাকার তহবিল গড়া হয়েছে, যা র্যাঙ্কিংয়ের নীচের দিকে থাকা পুরুষ এবং মহিলা খেলোয়াড়দের জন্য খরচ করা হবে।
দীর্ঘ দিন ধরেই পুরস্কারমূল্য এবং ভাতা বাড়ানোর জন্য গ্র্যান্ড স্ল্যাম আয়োজকদের চাপ দিচ্ছিলেন টেনিস খেলোয়াড়েরা। অবশেষে কিছুটা সুরাহা পাওয়া গিয়েছে। ‘গ্র্যান্ড স্ল্যাম প্লেয়ার কাউন্সিল’-এর সঙ্গে পরামর্শ করে পুরস্কারমূল্য ঠিক করা হয়েছে বলে জানা গিয়েছে।