Advertisement
E-Paper

দিল্লি হাই কোর্টে ধাক্কা বিনেশের, বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে নামতে পারবেন না কুস্তিগির

ডব্লিউএফআই বিজ্ঞপ্তিতে বলে, ২০২৫ এবং ২০২৬ সালে জাতীয় স্তরের পদকজয়ীরা, জাতীয় প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারীরা এবং ২০২৬ সালের অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীরা ট্রায়ালে নামতে পারবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬ ১৭:২৭
Picture of Sports

বিনেশ ফোগাট। — ফাইল চিত্র।

একের পর এক ধাক্কা খেয়ে চলেছেন বিনেশ ফোগাট। প্যারিস অলিম্পিক্সে ফাইনালে উঠেও শরীরের ওজন বেশি হয়ে যাওয়ায় প্রতিযোগিতা থেকে বাতিল হয়ে যান। সুপ্রিম কোর্টের নির্দেশে এশিয়ান গেমসের ট্রায়ালে নামলেও জিততে পারেননি। এ বার তাঁর আবেদন খারিজ করে দিল দিল্লি হাই কোর্ট। বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামার আর সুযোগ থাকল না দেশের অন্যতম সেরা কুস্তিগিরের।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালে কারা নামতে পারবেন, তা নিয়ে গত ৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সর্বভারতীয় কুস্তি ফেডারেশন (ডব্লিউএফআই)। তাতে বলা হয়েছিল, ২০২৫ এবং ২০২৬ সালে জাতীয় স্তরের পদকজয়ীরা, জাতীয় প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারীরা এবং ২০২৬ সালের অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীরা ট্রায়ালে নামতে পারবেন। এই তিনটি বিভাগের একটিতেও বিনেশ আসছেন না। এর পরই তিনি ট্রায়ালে নামতে আদালতের দ্বারস্থ হন।

আদালতে বিনেশের আইনজীবী রাজশেখর রাও যুক্তি দেন, বিনেশ সন্তানের জন্ম দিয়েছেন। তার পর সম্পূর্ণ সুস্থ হতে প্রয়োজনী সময় লেগেছে তাঁর। তাই তাঁর ক্ষেত্রে এই শর্তগুলি প্রযোজ্য নয়। ট্রায়ালে নামতে না দিলে আরও দু’বছর প্রতিযোগিতার বাইরে থাকতে হবে। কুস্তিজীবন শেষ হয়ে যাবে।

হাই কোর্ট বিনেশের আইনজীবীর যুক্তি মানতে চায়নি। আদালত বলেছে, ‘‘৭ সেপ্টেম্বর যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেটা প্রত্যেক খেলোয়াড়ের জন্য একই ভাবে প্রযোজ্য। কেউ নির্দিষ্ট প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণ না করলে, তিনি ট্রায়ালে নামার যোগ্য বলে বিবেচিত হবেন না। প্রতিযোগিতায় অংশগ্রহণ না করার কারণ যাই হোক। নির্দিষ্ট নিয়মের বাইরে গিয়ে কাউকে বিশেষ ভাবে অনুমতি দেওয়া যায় না।’’ আদালতের পর্যবেক্ষণ বিনেশকে ট্রায়ালে নামার অনুমতি দেওয়া হলে অন্য কুস্তিগিরদের প্রতি অবিচার করা হবে। উল্লেখ্য, কুস্তি বিশ্বচ্যাম্পিয়নশিপের ট্রায়াল হবে ১৪ সেপ্টেম্বর দিল্লিতে।

অন্তঃস্বত্ত্বা অবস্থা, সন্তানের জন্ম এবং পরবর্তী অসুস্থতার যুক্তি দিয়ে এর আগে আদালতে স্বস্তি পেয়েছিলেন বিনেশ।ডব্লিউএফআইর যুক্তি উড়িয়ে আদালত বিনেশকে এশিয়ান গেমসের ট্রায়ালে নামার অনুমতি দিয়েছিল। সেই ট্রায়ালে বিনেশ ব্যর্থ হন। এ বার আর বিনেশের যুক্তি মানল না হাই কোর্ট।

wrestling Vinesh Phogat Delhi High Court Trial

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy