Advertisement
E-Paper

‘ছোঁয়াছুঁয়িকে’ বিদ্রুপ করে উপেক্ষা, ছুতমার্গ ভেঙে সেই টাচ স্ক্রিন ল্যাপটপই আনল মার্কিন টেক জায়ান্ট অ্যাপ্‌ল

বুধবার সংস্থার ‘প্রো অ্যান্ড টেল’ অনুষ্ঠানে নতুন ম্যাকবুক প্রো-র ঘোষণা করেছে অ্যাপ্‌ল। ল্যাপটপটিতে রয়েছে ওএলইডি প্রযুক্তির ডিসপ্লে, আঙুলের স্পর্শেই বিভিন্ন কাজ করার সুবিধা। অ্যাপ্‌লের নতুন ল্যাপটপটিতে রয়েছে এম৫ প্রো এবং এম৫ ম্যাক্স প্রসেসর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৮:০৫

ছবি: রয়টার্স

অতীতে টাচস্ক্রিন ল্যাপটপের ধারণা নিয়েই বিদ্রুপ করেছিল অ্যাপ্‌ল। অথচ, সময়ের সঙ্গে সেই অবস্থান থেকে সরে এসে এবার নিজেদের পেশাদার ল্যাপটপে টাচস্ক্রিন প্রযুক্তি যুক্ত করার পথে হাঁটল সংস্থাটি। অবশেষে ম্যাকবুক প্রো-তে টাচস্ক্রিন প্রযুক্তি আনল অ্যাপ্‌ল। ল্যাপটপে টাচস্ক্রিন দেওয়ার বিষয়ে দীর্ঘ দিনের অনীহার অবসান ঘটাল মার্কিন এই তথ্যপ্রযুক্তি সংস্থা।

বুধবার সংস্থার ‘প্রো অ্যান্ড টেল’ অনুষ্ঠানে নতুন ম্যাকবুক প্রো-র ঘোষণা করেছে অ্যাপ্‌ল। ল্যাপটপটিতে রয়েছে ওএলইডি প্রযুক্তির ডিসপ্লে, আঙুলের স্পর্শে বিভিন্ন কাজ করার সুবিধা। অ্যাপ্‌লের নতুন ল্যাপটপটিতে রয়েছে এম৫ প্রো ও এম৫ ম্যাক্স প্রসেসর। এ ছাড়া নতুন নকশার ফলে ল্যাপটপটি আগের তুলনায় হালকা করা হয়েছে। ভারতে নতুন ম্যাকবুক প্রো-এর ১৪ ইঞ্চি মডেলের দাম ৩ লক্ষ ৪৯ হাজার ৯০০ টাকা এবং ১৬ ইঞ্চি মডেলের দাম ৪ লক্ষ ০৯ হাজার ৯০০ টাকা রাখা হয়েছে। আগামী ৯ নভেম্বর থেকে ল্যাপটপটি বাজারে পাওয়া যেতে পারে বলে আশা।

অ্যাপ্‌লের এই পেশাদার ল্যাপটপের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হল, টাচস্ক্রিনের সংযোজন। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই ডকুমেন্ট স্ক্রল করতে, ছবি জুম করতে, স্ক্রিনে আঁকতে এবং সরাসরি ডিসপ্লে-তে থাকা বিষয়বস্তু সম্পাদনা করতে পারবেন। ম্যাকবুক নির্মাতা সংস্থার দাবি, এই নতুন ফিচার পেশাদার কাজের ক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে। এর ফলে ডিজ়াইনাররা থ্রিডি মডেলের সঙ্গে আরও সহজে কাজ করতে পারবেন। অন্য দিকে, সঙ্গীতশিল্পীরা আঙুলের স্পর্শেই তাঁদের কাজে নিয়ন্ত্রণ ও সামঞ্জস্য আনতে পারবেন।

বহু বছর ধরেই কম্পিউটার নির্মাতা সংস্থাগুলি মোবাইল প্রযুক্তির যুগের সঙ্গে তাল মিলিয়ে ল্যাপটপকে আরও আধুনিক করে তুলতে টাচস্ক্রিনযুক্ত কম্পিউটার বাজারে আনছে। এই প্রতিযোগিতায় অ্যাপ্‌ল কিছুটা দেরিতে যোগ দিয়েছে। সংস্থাটি আশাবাদী, তাদের নতুন টাচস্ক্রিন ল্যাপটপ ম্যাকবুক প্রো নির্দিষ্ট গ্রাহকগোষ্ঠীকে আকৃষ্ট করবে। বিশেষ করে, সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং অ্যাপ প্রস্তুতকারকেরা এই নতুন প্রযুক্তিতে আগ্রহ দেখাবেন বলেই আশা করছে সংস্থাটি।

MAC Touch Screen Laptop

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy