Advertisement
E-Paper

জোগান কম, তবু ভাঁজ করা আইফোন নিয়ে উন্মাদনা তুঙ্গে, দেশের কালোবাজারে চার লাখে বিকোচ্ছে ‘আইফোন ডুয়ো’!

মিন্টের প্রতিবেদন অনুযায়ী, ভারতে প্রথম সপ্তাহে প্রায় ৬,০০০ ইউনিট ফোন পৌঁছোনোর সম্ভাবনা রয়েছে। ফলে স্মার্টফোনটি কত জন গ্রাহকের হাতে পৌঁছোবে, তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। তবে, অ্যাপল আনুষ্ঠানিক ভাবে এই মজুতের পরিমাণ নিশ্চিত করেনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৬ ১৫:৪৫

ছবি: সংগৃহীত।

ভারতেও বিক্রি শুরু হল অ্যাপলের প্রথম ভাঁজ করা ‘আইফোন ডুয়ো’-র। বাজারে বিক্রি শুরু হতেই বিপুল চাহিদা তৈরি হয়েছে অ্যাপলের এই বহু প্রতীক্ষিত ফোনটির। প্রথম ফোল্ডেবল স্মার্টফোনটির বিক্রির শুরুর দিনেই আইফোন ডুয়ো সরবরাহে সঙ্কট দেখা দিয়েছে। গ্রাহকদের এই চাহিদার সুযোগ নিয়ে কিছু খুচরো বিক্রেতা ফোনটির জন্য অতিরিক্ত ১ লক্ষ টাকা পর্যন্ত দাম নিচ্ছেন বলে অভিযোগ। অথচ, স্মার্টফোনটির প্রারম্ভিক দামই ২,৯৯,৯০০ টাকা। ফলে ফোনটি কালোবাজারি হলে, এর দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা গ্রাহকদের। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফোনটি কালোবাজারে কিনতে হলে এক লক্ষ টাকা পর্যন্ত বাড়তি খরচ হতে পারে।

মিন্টের প্রতিবেদন অনুযায়ী, ভারতে প্রথম সপ্তাহে প্রায় ৬,০০০ ইউনিট ফোন পৌঁছোনোর সম্ভাবনা রয়েছে। ফলে স্মার্টফোনটি কত জন গ্রাহকের হাতে পৌঁছোবে, তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। তবে, অ্যাপল আনুষ্ঠানিক ভাবে এই মজুতের পরিমাণ নিশ্চিত করেনি। ২.৯৯ লক্ষ টাকা দামের এই স্মার্টফোনটি সরাসরি কিনতে চাইলে, ক্রেতারা ভারতের নানা প্রান্তে অ্যাপলের ছ’টি রিটেল স্টোরে যেতে পারেন। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেশ কয়েক জন খুচরো বিক্রেতার সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছে, আইফোন ডুয়োর চাহিদার সুযোগে তাঁরা কিছু ক্রেতার কাছে অতিরিক্ত দাম চাইছেন। নতুন স্টকের জন্য অপেক্ষা করতে না চেয়ে যাঁরা যত দ্রুত সম্ভব ফোনটি হাতে পেতে চাইছেন, মূলত তাঁদের কাছ থেকেই এই বাড়তি টাকা দাবি করা হচ্ছে।

দিল্লি, গাজ়িয়াবাদ, নয়ডার কয়েক জন বিক্রেতা জানিয়েছেন, তাঁরা মাত্র ১০টির মতো ইউনিট পেয়েছেন। আসল দামের চেয়ে ৭০,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত অতিরিক্ত দাম নিচ্ছেন। এর মানে হল, ক্রেতাদের এই ভাঁজ করা আইফোনের জন্য প্রায় ৪ লক্ষ টাকা পর্যন্ত দিতে হতে পারে। তাও বেস মডেলটির জন্য। তার চেয়ে উন্নত সংস্করণের দাম আরও বাড়তে পারে বলে বিক্রেতারা জানিয়েছেন।

ভারতের মতো দুবাইয়েও আইফোন কেনার উন্মাদনা মারাত্মক। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে পড়েন ক্রেতারা। এমনকি, রাশিয়া থেকেও দুবাইয়ে এসেছেন আইফোন ক্রেতারা! অ্যাপল ডুয়ো কেনার জন্যই বৃহস্পতিবার দুবাইয়ে এসেছে সাইমন নামের এক ক্রেতা। রাশিয়ায় ফিরে যাওয়ার আগে সে মোট চারটি ফোন কেনার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে মায়ের সঙ্গে আসা কিশোর সাইমন। দুবাইয়ের প্রবাসী ভারতীয় মনোজ ও নন্দিনীর ১১ বছর বয়সি ছেলে পরিবারের সকলের জন্য ছ’টি অ্যাপল ডুয়ো বুক করেছে। এই পরিবারের সদস্যরা জানান, প্রায় দু’বছর ধরে অ্যাপলের ভাঁজ করা ফোন বাজারে আসার অপেক্ষায় ছিলেন তাঁরা। সেই অপেক্ষার অবসান হওয়ায় তাঁরা ফোনটি কেনার পরিকল্পনা করেছেন। পাকিস্তানের মুলতানের বাসিন্দা ফয়সাল রহমান নিজের জন্য ও পরিবারের সদস্যদের জন্য নীল ও সাদা রঙের পাঁচটি অ্যাপল ডুয়ো কিনেছেন, যার মধ্যে দু’টি ৫১২জিবি এবং তিনটি ২৫৬জিবি মডেল রয়েছে।

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy