জন্মের পর নবজাতকদের সাধারণত গুটিসুটি হয়ে শুয়ে থাকতেই দেখা যায়। ছোট্ট ছোট্ট হাত-পা যেন একেবারে কুঁকড়ে শুয়ে থাকে তারা। তবে সম্প্রতি সে চেনা ছক বদলে দিয়েছে এক সদ্যোজাত। জন্মের পরই এমন কাণ্ড ঘটিয়েছে সে, যা ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। আর তাজ্জব হয়ে গিয়েছেন নেটাগরিকেরা।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, একটি হাসপাতালের নীলরঙা বিছানায় শুয়ে এক সদ্যোজাত। তার দু’হাত মাথার নীচে রাখা, পায়ের উপর পা তোলা। ভাবখানা এমন, যেন সে আয়েশ করে নিচ্ছে। এক চিকিৎসক নবজাতকের বুকে স্টেথোস্কোপ রেখে হৃৎস্পন্দন পরীক্ষা করছেন। তাঁর মুখে মৃদু হাসির ভাব।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘটনাটি মিশরের। কায়রোর একটি হাসপাতালের ঘটনা এটি। প্রসবের কিছু ক্ষণ পরেই ভিডিয়োটি করা হয় বলে জানা গিয়েছে। ‘ইন্ডিয়া.আনকভার’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়োট পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভিডিয়োটি হাজার হাজার বার দেখা হয়েছে। বহু নেটাগরিক তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। শিশুর ওই ভাব দেখে হেসে আকুল হয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। নানা রকম মন্তব্য করেছেন তাঁরা। অনেকেই সদ্যোজাতকে আদর, ভালবাসায় ভরিয়েছেন। তার ভাব দেখে ‘সম্রাট’ উপাধিতে ভূষিত করেছেন কেউ কেউ।
এক জন মজা করে লিখেছেন, “পৃথিবীতে আসতে গিয়ে অনেক পরিশ্রম গিয়েছে, তাই একটু গা এলিয়ে নিচ্ছে।” আর এক নেটাগরিকের মন্তব্য, “আজকালকার বাচ্চারা মাতৃজঠর থেকেই যাবতীয় কাজকর্ম শিখে নিয়েই দুনিয়ায় পা রাখে। নতুন করে কিছু শেখানোর প্রয়োজন পড়ে না।”