Advertisement
E-Paper

আইফেল টাওয়ারের চেয়েও উঁচু সেতু দিয়ে ছুটছে বন্দে ভারত! নয়নাভিরাম ভিডিয়ো দেখে মন্ত্রমুগ্ধ নেটপাড়া

সুদীর্ঘ এক নদী। তার ৩৫৯ মিটার উঁচুতে অবস্থিত এক রেলসেতু। সেখান দিয়ে ছুটছে দ্রুত গতির (সেমি হাইস্পিড) ট্রেন বন্দে ভারত। সেই অসামান্য দৃশ্যেরই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন নরেন্দ্র মোদী।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ ১২:৩৫
PM Narendra Modi shares Vande Bharat Chenab bridge crossing video

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জম্মু ও কাশ্মীরের রিয়াসী জেলার বক্কল ও কৌরির মধ্যে চেনাব নদীর উপর অবস্থিত সেতুটি প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার বেশি উঁচু, এমনটাই বলা হয়ে থাকে। নদী থেকে ৩৫৯ মিটার উঁচুতে অবস্থিত এই সেতুটি এক বিস্ময়। ২০২২ সাল নাগাদ সেতুটির কাজ সম্পন্ন হয়। ২০২৫-এর জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সেই চেনাব সেতুর উপর দিয়েই বন্দে ভারতের যাত্রার একটি অসামান্য দৃশ্য সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্বয়ং প্রধানমন্ত্রী ভাগ করে নিয়েছেন সেই ভিডিয়োটি। ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ চেনাব সেতুর উপর দিয়ে ট্রেনটির ছুটে যাওয়ার দৃশ্য। পাখির চোখে ধরা পড়েছে সেটি। কখনও আবার সেতুর নীচ দিক থেকে উপরে উঠেছে ক্যামেরাটি।

বর্তমানে ভারতের বিভিন্ন রেলপথে মোট ১৬৪টি বন্দে ভারত চালু আছে। ২০৩০ সালের মধ্যে এই ট্রেনের সংখ্যা বাড়িয়ে প্রায় ৮০০ করার লক্ষ্যমাত্রা রয়েছে বলে খবর। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি, নয়াদিল্লি ও বারাণসীর মধ্যে প্রথম বার বন্দে ভারত এক্সপ্রেস চালানো হয়েছিল। ইনস্টাগ্রামে মোদীর নিজস্ব অ্যাকাউন্ট থেকে এই মনোমুগ্ধকর ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন, অসামান্য এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভিডিয়োটি প্রায় দু’কোটি বার দেখা হয়েছে। বহু নেটাগরিক তাতে ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। নানা রকম মন্তব্যও করেছেন তাঁরা। জানিয়েছেন মুগ্ধতা। ভারতমাতার নামে জয়ধ্বনি করেছেন অনেকেই। পাশাপাশি, প্রশংসিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মকাণ্ডও। কেউ কেউ আবার বলেছেন, ভিডিয়োটি দেখে মনে হচ্ছে যেন কোনও সিনেমার দৃশ্য।

Narendra Modi Prime Minister Chenab Bridge

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy