ভাইবোনের মধ্যে নানা বিষয় নিয়ে অনেক সময়ই কথা কাটাকাটি হতে দেখা যায়। বিশেষ করে দাদা বা দিদিরা মাঝেমধ্যেই বকাবকি করে থাকেন ছোট ভাইবোনকে। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে, ঘরের চার দেওয়াল ছাড়িয়ে গিয়েছে সেই বিবাদ। ঘটেছে যন্তর মন্তরে। সেখানে বিক্ষোভ চলাকালীন কর্তব্যরত এক মহিলা পুলিশ এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী এক তরুণের মধ্যে বচসা শুরু হয়। সংবাদ প্রতিবেদন অনুসারে, প্রতিবাদী তরুণের দিদি হন ওই পুলিশকর্মী।
আরও পড়ুন:
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে দোহারা চেহারার এক তরুণকে। তার পরনে হালকা সবুজ রঙের টিশার্ট। বুকের সামনে ঝুলছে একটি ব্যাগ। সামনেই দাঁড়িয়ে রয়েছেন তাঁর দিদি। পরনে পুলিশের ইউনিফর্ম। চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট। বেশ রাগত স্বরেই তাঁকে বলতে শোনা যায়, তুই তো ছোট আমার থেকে। পাশে দাঁড়িয়ে ছিলেন কর্তব্যরত আরও এক পুলিশকর্মী। তাঁকেও কিছু বলতে শোনা যায়। ভাইবোনের বিবাদ চলার সময় আশপাশে ভিড় করে ছিলেন অনেকেই।
ভিডিয়োয় ধরা পড়ে, দিদির বকার সামনে চুপ করে থাকেননি তরুণও। কথার পিঠে উত্তর দিয়ে দেন তিনি। তখন আর এক তরুণী মহিলা পুলিশের রাগ দূর করার চেষ্টায় কিছু বলতে যান। কিন্তু তরুণ থামার পাত্র নন। তিনি দিদিকে দোষারোপ করেন, তাঁর হাত ধরে টানা হয়েছে। তাঁর দিদি পাল্টা প্রশ্ন করেন, কখন হাত ধরে টেনেছেন। এর পর আর বেশি ক্ষণ রুক্ষতার মোড়ক ধরে রাখতে পারেননি তিনি। হেসে ফেলেন। এখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়।
আরও পড়ুন:
‘মিথিলেশ১৫এন’ নামের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে ঘটনাটির ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
হাজার হাজার বার দেখা হয়েছে সেটি। ভাইবোনের কাণ্ড দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা আবেগতাড়িত হয়ে পড়েছেন। নানা রকম মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক জন লিখেছেন, “বিবাদের অজস্র কারণ থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ভাইবোনের ভালবাসারই জয় হয়।”