Advertisement
E-Paper

যেখানে জল সেখানেই স্নান, ট্রেন থামতেই ‘থ্রি ইডিয়টস’-এর র‌্যাঞ্চো হলেন বৃদ্ধ! মজার ভিডিয়ো ভাইরাল

ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল বেশ খানিক ক্ষণ। সে সময়কে দারুণ ভাবে ব্যবহার করলেন বৃদ্ধ। বাটি হাতে স্নানে ব্যস্ত হয়ে পড়লেন তিনি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৬ ১২:৩০
As train stops, old man started bathing in platform, video surfaces

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

দীর্ঘ ট্রেনযাত্রায় অনেক সময়ই বেশ ক্লান্ত হয়ে পড়েন মানুষজন। এর ফলে শারীরিক ভাবে একটু জড়তা অনুভব করেন অনেকেই। মন চায় একটু তরতাজা হয়ে নিতে। ভাল ভাবে একটু হাত-পা ধুয়ে নিতে ইচ্ছা হয়। কখনও বা মনে হয়, যদি স্নান করতে পারা যায়, তবে তো কথাই নেই। হয়তো তেমনটাই মনে হয়েছিল এক বৃদ্ধের। সেই কারণেই এক অভিনব পদক্ষেপ করে বসলেন তিনি। সেই ভিডিয়ো ছড়িয়েও পড়েছে সমাজমাধ্যমে। তাঁর কাণ্ড দেখে হেসে আকুল হয়েছে নেটপাড়া।

ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে একটি ট্রেন। প্ল্যাটফর্মে চলছে লোকজনের আনাগোনা। স্টেশনে পানীয় জলের কলের জায়গায় রয়েছেন এক বৃদ্ধ। তাঁর ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। নিম্নাঙ্গে কেবল একটি সাদা রঙের প্যান্ট। তবে পানীয় জলের কলের সামনে দাঁড়িয়েও তিনি কিন্তু কোনও জলের পাত্রে জল ভরছেন না। একটি ছোট পাত্রে জল নিয়ে মাথায় ঢালছেন তিনি। স্নান সারছেন মন ভরে। ভাবখানা এমন, যেন তিনি তাঁর বাড়ির শৌচাগারই ব্যবহার করছেন। এই দৃশ্যটি ক্যামেরায় ধরে রাখতেও দেখা যায় এক জনকে।

জানা গিয়েছে, বৃদ্ধ যে ট্রেনে সফর করছিলেন, সেটি প্ল্যাটফর্মে মিনিট ১৫ দাঁড়িয়েছিল। অত সময় পেয়েই হয়তো স্নান সেরে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। তাঁকে ডলে ডলে শরীর সাফ করতে দেখা যায়। ভিডিয়োয় এক ব্যক্তিকে বলতে শোনা যায়, কাকু আপনাকে কি সাবান দেব? তাঁর হাতে এক টুকরো সাবান এগিয়ে দিতেও দেখা যায়। ভিডিয়ো থেকে জানা যায়, ওই ট্রেনটি বিলাসপুর জ‌ংশনে দাঁড়িয়েছিল। ভিডিয়োয় এ-ও বলা হয়েছে যে, গরমে কাহিল হয়েই এই কাজ করেন তিনি।

‘খুরপেনচিনফ্রা’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

প্রায় এক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। সেটি দেখে হেসে আকুল হয়েছেন নেটাগরিকেরা। নানা মজার মজার মন্তব্যও করেছেন তাঁরা। এক জন লিখেছেন, “স্টেশনে ট্রেন দাঁড়ালে অন্য যাত্রীরা চা বা জলখাবার খোঁজেন, এই কাকু সেখানে প্ল্যাটফর্মকে বাড়ির শৌচালয়ে পরিণত করেছেন।” আর এক নেটাগরিক ঠাট্টার ছলে মন্তব্য করেছেন, “কাকুর থেকে আমাদের সময় ব্যবস্থাপনা শেখা দরকার।”

Railways

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy