অনলাইনে কেনাকাটি করা আজকাল একেবারে সাধারণ ব্যাপার হয়ে গিয়েছে। এতে যেমন একসঙ্গে অনেক রকম জিনিস দেখে পছন্দ করা যায়, তেমনই দোকানে যাওয়ার ঝক্কিও থাকে না। তবে চোখে দেখে না কেনার ক্ষেত্রে জিনিসটির মান নিয়ে একটু চিন্তা থেকেই যায়। কখনও আবার ভুল জিনিসও এসে পড়ে। তেমনটাই হয়েছে গ্রেটার নয়ডার এক তরুণের সঙ্গে।
আরও পড়ুন:
খবর, ১৯৯৯ টাকা দিয়ে অ্যান্ড্রয়েড ফোন অনলাইনে অর্ডার করেছিলেন এক তরুণ। অনলাইন মাধ্যমে কেনাকাটিতে কখনও আগে থেকেই মূল্য চুকিয়ে দিতে হয়, কেউ আবার পছন্দের দ্রব্য হাতে পেয়ে দাম মেটান। তরুণের দাবি, তিনি টাকা আগেই চুকিয়ে দিয়েছিলেন। কিন্তু পার্সেল হয়ে এসেছে গোবরভর্তি প্যাকেট।
আরও পড়ুন:
সংবাদ প্রতিবেদন অনুসারে, ডানকৌর থানা এলাকার বাসিন্দা অনলাইন প্রতারণার শিকার ওই তরুণ। তাঁর নাম আকাশ নগর। আকাশ জানিয়েছেন, এই ঘটনার প্রেক্ষিতে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ঘটনাটি নিয়ে একটি তদন্ত চলছে। কর্তৃপক্ষ বর্তমানে বুকিংয়ের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের পরিচয়পত্র, অর্থপ্রদানের লেনদেনের বিবরণ এবং কুরিয়ার সরবরাহের ধারাবাহিকতা যাচাই করছে।
বিস্তারিত তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ। অপরাধীদের শনাক্ত করা গিয়েছে কি না, এই প্রতিবেদন লেখা পর্যন্ত সে সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনাপ্রসঙ্গে ক্রেতাদের অনলাইনে কেনাকাটার সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
‘ওয়াল্লাহাবিবি’ নামের একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে এই ঘটনার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োটিতে পুরো ঘটনাটি জানিয়েছেন ভুক্তভোগী তরুণ। হাতে থাকা প্যাকেট থেকে গোবর বার করেও দেখান তরুণ। এর পর ক্যামেরা ঘুরে যায় তাঁর পাশে থাকা এক ব্যক্তির দিকে। তিনিও এ ঘটনায় সায় দেন। বহু নেটাগরিক দেখেছেন ভিডিয়োটি। ঘটনা জেনে শঙ্কাপ্রকাশ করেছেন অনেকেই। কেননা, আজকাল প্রায় সকলেই অনলাইনে কেনাকাটা করে থাকেন। এ সব ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শও দিয়েছেন বেশ কয়েক জন সমাজমাধ্যম ব্যবহারকারী।