Advertisement
E-Paper

অফিস চত্বরে ঢুকল অজগর, হাতে পেঁচালেন সংস্থার কর্মী! স্কুটারে চেপে নিয়ে গেলেন ‘ঘুরতে’, ভাইরাল ভিডিয়ো

সংস্থার এক কর্মী সাপটিকে ধরার জন্য এগিয়ে এলেন। খালি হাতে সাপটিকে পেঁচিয়ে ধরলেন তরুণ। যেন অজগরটি তাঁর পোষ্য।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

হায়দরাবাদের এক প্রযুক্তি সংস্থার বাইরে দেখা গেল দৈত্যাকার সাপ। সাপটিকে অজগর বলে মনে করা হচ্ছে। সেই সংস্থার এক কর্মী সাপটিকে ধরার জন্য এগিয়ে এলেন। খালি হাতে সাপটিকে পেঁচিয়ে ধরলেন তরুণ। যেন অজগরটি তাঁর পোষ্য। তার পর সাপটিকে সে ভাবেই হাতে পেঁচিয়ে নিয়ে ঘুরে বেড়ালেন তরুণ। অদ্ভুত কাণ্ডের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, তরুণ কোনও বন্যপ্রাণ উদ্ধারকারী সংস্থার সঙ্গে যুক্ত কি না সে বিষয়ে কিছু জানতে পারা যায়নি। হায়দরাবাদের সেই প্রযুক্তি সংস্থায় সফ্‌টঅয়্যার কর্মী হিসেবে কাজ করেন তরুণ। সাপটি যে সময় অফিসের বাইরে দেখা যায়, সেই সময় তিনি কাজ করছিলেন। খবর পেয়ে নীচে এসে সাপটিকে ধরেন তরুণ। তার পর সেটিকে কোথায় নিয়ে গিয়েছেন, বন্যপ্রাণী দফতরকে আদৌ এ বিষয়ে খবর দেওয়া হয়েছে কি না সে সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাতে বিশালাকার অজগর নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। ভয়াল সরীসৃপের মাথাটি তরুণ চেপে ধরে রেখেছেন। তরুণের হাতে পেঁচিয়ে রয়েছে সাপটি। এক বারও নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে দেখা গেল না অজগরটিকে। তরুণের হাত পেঁচিয়ে শান্ত ভাবে ঝুলে রইল সেটি। তরুণের অঙ্গভঙ্গিতেও ভয়ের লেশমাত্র নেই। তিনি এর পর এক জনকে স্কুটার নিয়ে এগিয়ে আসতে বললেন। তার পর স্কুটারে চেপে উল্টো হয়ে বসে অজগরকে নিয়ে চলে গেলেন তরুণ। সেই সময় সাপটির লেজ ধরে তরুণকে নাড়াতেও দেখা গেল।

‘কন্টেন্টকিকামি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। তরুণের কাণ্ড দেখে হতবাক নেটপাড়া। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘তরুণের সাহস আছে।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘যেন কোনও খেলনা সাপ!’’

Viral Video hyderabad Python Snake Video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy