মন্ত্রী অর্জুন সিংহের নাম করে ভুয়ো সুপারিশপত্র তৈরি করার অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি। ধৃতেরা উত্তর ২৪ পরগনার ইছাপুর এলাকার বাসিন্দা। শুক্রবার তাঁদের গ্রেফতার করেছে পুলিশ।
নোয়াপাড়ার বিজেপি বিধায়ক তথা রাজ্যের শ্রম এবং পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহের নাম করে শংসাপত্র তৈরি করেন সোমনাথ দাস এবং রোমান দাস। পুলিশ সূত্রে খবর, ওই শংসাপত্রগুলো এলাকার অনেককে বিক্রি করেছেন। সম্প্রতি এক ব্যক্তি ওই শংসাপত্র সরকারি দফতরে জমা দিয়েছিলেন। নথির সত্যতা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সন্দেহ হয়। তাঁরা যাচাই করে দেখেন, সেটি ভুয়ো। বিষয়টি জানার পরে ওই ব্যক্তি নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে সোমনাথ এবং রোমান গ্রেফতার হয়েছেন।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই জালিয়াতি চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিজেপির নোয়াপাড়া-২-এর মণ্ডল সভাপতি সুপ্রিয় দে বলেন, ‘‘বিষয়টি মন্ত্রী অর্জুন সিংহের নজরেও আনা হয়েছে। মন্ত্রী ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে কথা বলে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।’’
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, নথি জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে মামলা রুজু হয়েছে। শুক্রবার ব্যারাকপুর আদালতে হাজির করানো হয় ওই দুই ব্যক্তিকে। কোথা থেকে জাল শংসাপত্র তৈরি করা হয়েছিল, তা নিয়ে বিস্তারিত জানতে দু’জনতে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। তবে আদালতে ঢোকার সময় ধৃতেরা জানান, তাঁদের ফাঁসানো হয়েছে।