দরজা ভেঙে এক বধূর দেহ উদ্ধার করল পুলিশ। তাঁর স্বামী শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভাঙড়ের ঘটকপুকুরের মধ্য খাঁপাড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুপ্রিয়া মান্না (বিশ্বাস) (২৬)। তাঁর স্বামী কিংশুক মণ্ডলের খোঁজ করছে পুলিশ। প্রতিবেশীর অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মাসখানেক আগে ওই এলাকায় বাড়ি ভাড়া নেন সুপ্রিয়া ও কিংশুক। সুপ্রিয়ার বাড়ি দিল্লিতে, কিংশুকের আদি বাড়ি নদিয়ার বেতাইয়ে। পড়শিদের থেকে পুলিশ জানতে পেরেছে, দম্পতির মধ্যে প্রায়ই গন্ডগোল হত। মঙ্গলবার রাতেও ঝগড়াঝাটি শুনতে পেয়েছিলেন আশপাশের লোকজন। তারপর থেকেই সুপ্রিয়ার সাড়াশব্দ মিলছিল না।
সকালে ঘরের দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল। সন্দেহ হওয়ায় পড়শিরা উঁকি মেরে দেখেন, মেঝেতে পড়ে রয়েছে সুপ্রিয়ার দেহ। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। নলমুড়ি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান। পুলিশ জানায়, মৃতের গলার কাছে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে সুপ্রিয়াকে। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।