নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হল ঋজু দেবনাথ নামে উত্তর ২৪ পরগনার বাসিন্দা এক যুবক। কয়েক মাস আগে এক নাবালিকাকে সে ধর্ষণ করে বলে অভিযোগ। তবে ভয় দেখানোয় মেয়েটি কাউকে কিছু বলতে পারেনি। সম্প্রতি বছর ষোলোর ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবারকে সব কিছু জানায়। জানা যায়, মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা। এর পরেই বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। শুক্রবার বারাসত আদালতে তোলা হলে ধৃতকে তিন দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। অন্য একটি ঘটনায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার করা হয়েছে উত্তর ২৪ পরগনার এক ব্যক্তিকে। ধৃতের নাম চন্দন দত্ত। গত এপ্রিলে চন্দনের বিয়ে ঠিক হয় এক তরুণীর সঙ্গে। মে মাস থেকে তরুণীর সঙ্গে তিনি কয়েক বার সহবাস করেন বলে পরিবারের দাবি। সম্প্রতি চন্দন জানিয়ে দেন, তিনি বিয়ে করতে পারবেন না। শুক্রবার বারাসত আদালতে চন্দনের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ হয়।