ঘুষ নেওয়ার অভিযোগে উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দফতরের রেভিনিউ ইন্সপেক্টরকে হাতেনাতে গ্রেফতার করল রাজ্য দুর্নীতি দমন শাখা (এসিবি)। বুধবার বাগদা বিএলআরও অফিসে অভিযান চালিয়ে ওই সরকারি আধিকারিককে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে।
ধৃতের নাম চন্দন মণ্ডল। বাড়ি নদিয়ার হাঁসখালি এলাকায়। সূত্রের খবর, এক ব্যক্তি জমির চরিত্র বদলের জন্য আবেদন করেছিলেন। তা অনুমোদনের জন্য অভিযোগকারী ব্যক্তির কাছে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠে ওই রেভিনিউ ইন্সপেক্টরের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখার পর বুধবার পরিকল্পনামাফিক ফাঁদ পাতে দুর্নীতি দমন শাখা।
নির্দিষ্ট সময়ে অভিযোগকারী ব্যক্তির কাছ থেকে ২৫ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় বাগদা বিএলআরও অফিস থেকেই চন্দন মণ্ডলকে হাতেনাতে ধরে ফেলেন এসিবি-র আধিকারিকেরা। এর পরই তাঁকে হেফাজতে নেওয়া হয়।