আচমকা সামনে চলে আসে বাইক। সেই বাইকটিকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রিবোঝাই অটো। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে উল্টে গেল সেটি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অটোচালকের। জখম হন অটোয় থাকা যাত্রীরা। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগরের বনবনিয়া চৌমাথায়।
স্থানীয় সূত্রে খবর, অটোটি নদিয়ার নগরউখড়া থেকে হাবড়ার দিকে আসছিল। অটোয় চালক ছাড়াও ন’জন যাত্রী ছিলেন। বনবনিয়া চৌমাথার কাছে অটোটির সামনে হঠাৎই একটি বাইক চলে আসে। ধাক্কা এড়াতে গিয়ে অটোটি পাশ কাটাতে যায়। তবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। রাস্তায় উল্টে যায় অটোটি। গুরুতর জখম হন অটোচালক মানিক দেবনাথ (৪৬)।
আরও পড়ুন:
আশঙ্কাজনক অবস্থায় মানিককে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় যাত্রীরাও কমবেশি আহত হয়েছেন। বর্তমানে তাঁরা হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের দাবি, বাইকটি দ্রুত গতিতে আচমকা ডানদিক থেকে বাঁদিকে চলে এসেছিল। সংঘর্ষ এড়াতে গিয়ে দুর্ঘটনা।