দ্বাদশ শ্রেণির এক ছাত্রের স্কুল ব্যাগে মিলল কন্ডোম! সোমবার উত্তর ২৪ পরগনার একটি স্কুলের ঘটনা। স্কুলে মোবাইল ফোন আনা নিষিদ্ধ থাকা সত্ত্বেও ব্যাগ তল্লাশি করে ১৯টি মোবাইল উদ্ধার হয়েছে কয়েকজন ছাত্রের কাছ থেকে, এক ছাত্রের ব্যাগ থেকে কন্ডোমও উদ্ধার হয়েছে বলে স্কুল সূত্রের খবর।
স্কুল সূত্রে জানা গিয়েছে, এ দিন প্রথম পিরিয়ডে টিচার ইন-চার্জ এবং এক শিক্ষিকা দ্বাদশ শ্রেণির ক্লাসে গিয়ে পড়ুয়াদের ব্যাগ তল্লাশি করেন। ১৯টি ফোন উদ্ধার হয়। এক ছাত্রের ব্যাগে মোবাইলের সঙ্গে কন্ডোম দেখতে পাওয়া যায়।
ঘটনাটি বাইরে জানাজানি হওয়ার পরে বিজেপির কর্মী-সমর্থকেরা স্কুলের গেটে জড়ো হয়ে বিক্ষোভ দেখান। ওই ছাত্রকে নিয়ে নানা ধরনের বিভ্রান্তিকর কথা ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ছেলেটি স্কুলের পাঁচিল টপকে পালিয়ে যায়।
এরপরে স্থানীয় বাসিন্দারা স্কুলের টিচার ইন-চার্জের কাছে ছাত্রটিকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন কথার সত্যতা জানতে চান। অভিযোগ, এর মধ্যে উত্তেজিত জনতার একাংশ ছাত্রটির বাড়িতে চড়াও হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে ছেলেটিকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টিচার ইন-চার্জ জানান, ওই ছাত্রের বিরুদ্ধে এর আগেও নানা ধরনের অভিযোগ ছিল। তাঁর কথায়, “ছাত্রটি দুষ্ট প্রকৃতির। এর আগেও নানা কারণে দু’বার তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। অভিভাবকেরা আবেদন করায় ফের তাকে স্কুলে আসতে দেওয়া হচ্ছিল।” স্কুল সূত্রে আরও জানা গিয়েছে, ঘটনার পরে আপাতত ওই ছাত্রকে স্কুলে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। তবে পরীক্ষায় তাকে বসতে দেওয়া হবে। স্থানীয় বিজেপি বিধায়ক বলেন, “পুলিশকে বলা হয়েছে তদন্ত করে পদক্ষেপ করতে। আইন মেনেই কাজ হবে।”