হর্ন বাজানোকে কেন্দ্র করে বিশ্বকর্মা পুজোর রাতে অশান্তি দমদমের নাগেরবাজারে। অভিযোগ, মত্ত অবস্থায় রাস্তা আটকে রেখেছিলেন কয়েক জন। বাইকে করে যাওয়া এক যুগলের উদ্দেশে কটূক্তি করায় উত্তেজনা ছড়ায়। বাইক থেকে যুবককে নামিয়ে বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করা হয়। সঙ্গে থাকা তরুণীর শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ। ওই ঘটনায় তিন জন স্থানীয় যুবকের নাম জড়িয়েছে। ইতিমধ্যেই তাঁদের মধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা পলাতক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে নাগেরবাজার থেকে লেকটাউনে যাচ্ছিলেন ওই যুগল। বাইকে করে যাওয়ার সময় তাঁদের পথ আটকে কয়েক জন নানা ধরনের অশালীন কথা বলতে শুরু করেন। ওই যুগল প্রথমে কোনও অশান্তিতে জড়াতে চাননি। হর্ন বাজিয়ে ওই যুবকদের সরে যেতে বলেন বাইকচালক। আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বাইকে থাকা তরুণ, তরুণীকে ক্রমাগত হুমকি দিতে থাকেন অভিযুক্তেরা।
আরও পড়ুন:
তরুণীর অভিযোগ, শ্লীলতাহানিও করা হয়েছে। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর সঙ্গীর উপর হামলা চালানো হয়। তাঁকে বাইক থেকে নামিয়ে মারধর করে দুষ্কৃতীরা। এই ঘটনায় নাগেরবাজার থানায় তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তরুণীর অভিযোগ, অভিযুক্তেরা সকলেই মত্ত অবস্থায় ছিলেন। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। শুভঙ্কর দত্ত নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।