অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল একটি আস্ত বাড়ি। মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার হালিশহর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ প্রসাদনগরের ঘটনা। মজুত করে রাখা ব্যবসার সামগ্রীতে আগুন লাগা আটকাতে গিয়ে গুরুতর জখম এক জন।
পরিবারের সদস্যদের প্রাথমিক দাবি, রান্নার গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লাগার ঘটনা ঘটতে পারে। যদিও ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, বাড়িরই এক সদস্য ডেকরেটর ব্যবসার সঙ্গে যুক্ত। আগুন থেকে নিজের ব্যবসার সামগ্রী রক্ষা করতে গিয়ে আহত হন তিনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর হাতের বেশ কিছুটা অংশও পুড়ে গিয়েছে। বর্তামানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি।
আরও পড়ুন:
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল সূত্রে খবর, দীর্ঘ প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তা পুরোপুরি নেবানো যায়নি। ঘটনাস্থলে আসেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাসও। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সাহায্যের আশ্বাস দেন বিধায়ক। বিধায়ক জানান, ‘‘গ্যাস সিলিন্ডার সংক্রান্ত একটি তথ্য জানা গেলেও এখনও আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। বাড়ির সমস্ত কিছুই কার্যত পুড়ে গিয়েছে।’’