লটারি মামলায় পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হয় শনিবারই। কিন্তু তোলাবাজির একটি মামলায় নতুন করে সাত দিনের পুলিশি হেফাজত দেওয়া হল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। আরজি করের নির্যাতিতার দেহ সৎকারে ‘তাড়াহুড়ো’-সহ নানা অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। ওই মামলাতেও জেল হেফাজত হয়েছে তাঁর। ধৃত প্রবীণ রাজনীতিবিদের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার ফল ভোগ করতে হচ্ছে তাঁকে।
শনিবার ব্যারাকপুর আদালতে হাজির করানো হয়েছিল তৃণমূলের প্রাক্তন বিধায়ককে। এর আগে আরজি করের নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি, লটারি সংক্রান্ত মামলায় তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। দ্বিতীয় মামলায় পুলিশি হেফাজতের মেয়াদ শেষে খড়দহ থানার পুলিশ তাঁকে বারাসাত আদালতে হাজির করেছিল।
আরও পড়ুন:
আদালত সূত্রে খবর, সংশ্লিষ্ট মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে পুলিশ নতুন কোনও তথ্য আদালতে পেশ করতে পারেনি। ফলে ওই মামলায় নতুন করে আর হেফাজত মঞ্জুর করেনি তারা। তবে একই দিনে দায়ের হওয়া তোলাবাজির মামলায় পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছিলেন সরকারপক্ষের আইনজীবী। ওই মামলার অভিযোগকারী জনৈক অসিত মুখোপাধ্যায়। পেশায় প্রোমোটার। তাঁর অভিযোগ, নির্মল ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন। তার মধ্যে ১৮ লক্ষ দিতে হয় তাঁকে। আদালত থেকে বার হওয়ার সময় নির্মল বলেন, ‘‘সরকার বদলেছে। তাই বিরোধীদের প্রতি এমন আচরণ করা হচ্ছে।’’ তাঁর আইনজীবী শুভম দাস বলেন, ‘‘আমার মক্কেলের বয়স এবং শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আদালত সাত দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে।’’